সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

দ্রুত শ্রমবাজার উন্মুক্ত এবং অবৈধ অভিবাসীদের বৈধ করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আহ্বান জানিয়ে তারেক রহমান বলেছেন, দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে উভয়ের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন।

আলোচনায় বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণ ও ওয়ার্ক পারমিট নবায়ন, বাংলাদেশের আম, ফলমূল ও শাকসবজির জন্য মালয়েশিয়ার বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন, রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা ইস্যু এবং জাতিসংঘ ও অন্যান্য বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠকের পর উভয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ ছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বাড়াতে সহযোগিতাসংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগসংক্রান্ত একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দলিল দুটি বিনিময় করেন। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। এ সময়ে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD