বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় মীরবাড়ি, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামে তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে বিতর্কের জেরে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৩ জুন)। মোকামতলা উপজেলার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ গণশুনানিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ নাগরিকরা অংশ নেন।
গণশুনানিতে ‘সীমান্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের পক্ষে বিভিন্ন পক্ষ থেকে দুটি বিকল্প নাম প্রস্তাব করা হয়, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ এবং অভিরামপুর ইউনিয়ন পরিষদ। উপস্থিত অনেকেই গণস্বাক্ষরের মাধ্যমে এ দুটি নামের পক্ষে মতপ্রকাশ করেন।
অন্যদিকে নবগঠিত ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়েও পৃথক আলোচনা সৃষ্টি হয়। এ ইউনিয়নের নাম পরিবর্তন করে রহবল ইউনিয়ন ও পাকুরতলা ইউনিয়নের দাবি তোলা হয়। তবে গণশুনানিতে অংশ না নেওয়ায় রহবল এলাকার কিছু স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করে এবং রংপুর মহাসড়কে বিক্ষোভ করেন। তারা পৃথকভাবে ‘রহবল ইউনিয়ন’ নামে স্বীকৃতির দাবি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এগিয়ে আসেন। পরে তারা আশ্বাস দেন যে রহবল এলাকার দাবিগুলো পরবর্তীতে আলাদাভাবে বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।
অন্যদিকে, মীরবাড়ী ইউনিয়নের শুনানী বেতগাড়িতে অনুষ্ঠিত হয়। গণশুনানিতে সাতটি নাম প্রস্তাব করা হয়। সেগুলো হলো, বেতগাড়ি, আলীয়ার হাট, রামকান্দি, মালগাড়ি, গোপীনাথপুর, হরিপুর ও গোরনা।
এ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ‘গণশুনানিতে সাতটি নাম প্রস্তাব পাওয়া গেছে। আমরা এগুলো যাচাই-বাচাই করে সাতটি নামই প্রতিবেদন আকারে উপজিলা নির্বার্হী কর্মকর্তার কাছে পাঠানো হবে।’
তিনি জেলা প্রশাসক মহোদয়ের কাছ পাঠাবেন।
এর আগে মীরবাড়ি সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনে জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তিনটি কমিটি গঠন করে মঙ্গলবার সকাল ১০টা থেকে গণশুনানি শুরু হয়। এতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে।
জানা গেছে, গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার ৫টি এবং নতুন ঘোষিত মোকামতলা উপজেলার ৮টি ইউনিয়নের প্রশাসনিক এলাকা পুনর্গঠন করা হয়। পরে ১৪ জুন নতুন ইউনিয়নগুলোর নামসহ গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকাশের পরপরই নামকরণ নিয়ে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহলে তুমুল সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগ উঠে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক উপাধি এবং তার দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে তিনটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। এর মধ্যে প্রতিমন্ত্রীর পারিবারিক পরিচয়ের সঙ্গে মিলিয়ে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ী ইউনিয়ন’ এবং নবগঠিত মোকামতলা উপজেলায় তার দুই ছেলের নামে ‘সীমান্ত ইউনিয়ন’ ও ‘দিগন্ত ইউনিয়ন’ নাম দেওয়া হয়।
বিষয়টি নিয়ে এলাকায় তীব্র বিতর্ক ও অসন্তোষ তৈরি হলে তা সরকারের উচ্চপর্যায়ের নজরে আসে। পরে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইউনিয়ন তিনটির নাম পরিবর্তনের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে আজ সকাল থেকে ওই তিনটি এলাকায় জনসাধারণের মতামত নিতে গণশুনানির আয়োজন করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। গণশুনানিতে স্থানীয় বাসিন্দাদের দেওয়া যৌক্তিক নাম ও মতামতের ভিত্তিতে ইউনিয়নগুলোর নতুন নাম চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।