নরওয়ের বিপক্ষে ব্রাজিলের বাঁচা মরার লড়াই আগামী রোববার। তার ঠিক আগে বড় এক দুঃসংবাদ পেয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতা চোটে পড়েছেন। যার কারণে আগামী রোববার নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন না তিনি।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তিনি। বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি সূত্র এএফপিকে এই খবর জানিয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে, এই টুর্নামেন্টেই আর খেলার সম্ভাবনা নেই পাকেতার। তবে ব্রাজিল যদি ফাইনালে ওঠে, তাহলে হয়তো তিনি খেলতে পারেন। ফাইনাল হবে ১৯ জুলাই, ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে।
কাসেমিরো আর ব্রুনো গিমারেশের সঙ্গে মাঝমাঠে শুরুর একাদশে খেলছিলেন পাকেতা। সোমবার হিউস্টনে জাপানের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয়ের ম্যাচে তিনি এই চোট পান।
এরপর থেকে তার নিবিড় চিকিৎসা চলছে। নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে কোচ কার্লো আনচেলত্তির জন্য একমাত্র নিশ্চিত অনুপস্থিত খেলোয়াড় তিনি। এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ এরলিং হালান্ডের নরওয়ে।
পাকেতার জায়গায় আনচেলত্তি একই ধরনের খেলোয়াড় হিসেবে দানিলো সান্তোসকে নামাতে পারেন। আবার তিনি চাইলে দলের সাজানো বদলেও দিতে পারেন। সেক্ষেত্রে এন্দ্রিক বা গাব্রিয়েল মার্তিনেল্লির মতো আক্রমণাত্মক কোনো খেলোয়াড়কে জায়গা দিতে পারেন তিনি।
এদিকে বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া আলাদাভাবে অনুশীলন শুরু করেছেন। হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ঊরুর চোটে পড়ার পর থেকে তিনি মূল দলের বাইরে ছিলেন।
সূত্রটি জানিয়েছে, রোববারের আগ পর্যন্ত তার উন্নতির ওপর নির্ভর করছে তিনি বদলি খেলোয়াড় হিসেবে দলে থাকবেন কিনা।