গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় সড়কে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
রবিবার (৫ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের ১ নম্বর ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল।
এসময় বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১ নম্বর ব্রিজের ওপর উঠলে, অন্য একটি গাড়িকে অতিক্রম করার সময় বরিশালগামী ইলিশ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন।
আওরঙ্গজেব আরো জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।