বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

আরব সাগরে ৫ আরোহীসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের উদ্দেশে ছেড়ে আসা একটি কার্গো বিমান আরব সাগরের ওপর নিখোঁজ হয়েছে। বিমানে পাঁচ ক্রু সদস্য ছিলেন। তাদের সন্ধানে সমুদ্রে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানায়, কে-২ এয়ারওয়েজের একটি বোয়িং ৭৩৭-৪০০ কার্গো বিমান শারজাহ থেকে করাচির উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় রাতে করাচি থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে উড়ন্ত অবস্থায় বিমানটি রাডারের নজর থেকে হারিয়ে যায়।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটে রাডারে বিমানটিকে দ্রুত উচ্চতা হারাতে এবং হঠাৎ গতিপথ পরিবর্তন করতে দেখা যায়। এরপর করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে বিমানটির সঙ্গে রাডার ও যোগাযোগ—উভয়ই বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পরপরই বিভিন্ন সংস্থার সমন্বয়ে সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নিখোঁজ বিমানটির অবস্থান শনাক্ত এবং আরোহীদের খুঁজে বের করতে উদ্ধারকারী দল কাজ করছে।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, কার্গো বিমানটিতে মোট পাঁচজন ক্রু সদস্য ছিলেন। তবে তাদের পরিচয় বা বিমানটির নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আনাদলু এজেন্সি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD