রাজধানীর শাহবাগ থানা এলাকার পৃথক তিনটি ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সকালে আনন্দবাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের সড়কের ফুটপাত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পৃথক তিন স্থানে তিন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
তাদের মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
এরপর বেলা ১১টার দিকে আরও দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মারা যাওয়া এসব ব্যক্তিদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৬০ বছর এবং অন্যজনের বয়স প্রায় ৫৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, উদ্ধার হওয়া তিন ব্যক্তির কারও নাম-পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা ভবঘুরে ছিলেন। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।