শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

টুখেলের আক্ষেপ, ‘লিড ধরে রাখার চেষ্টা আমাদের সর্বনাশ করেছে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে স্বপ্নভঙ্গ হয়েছে ইংল্যান্ডের। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে টানা আরেকটি বড় টুর্নামেন্টে হতাশা সঙ্গী হয়েছে থ্রি লায়ন্সদের। ম্যাচ শেষে কোচ টমাস টুখেল পরাজয়ের দায় নিজের কাঁধেই তুলে নিলেন।

সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর তার দল স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলে। আক্রমণাত্মক ফুটবল চালিয়ে যাওয়ার পরিবর্তে লিড ধরে রাখার প্রবণতা দেখা দেয়, যা শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে ম্যাচে ফিরে আসার সুযোগ করে দেয়।

তিনি বলেন, ‘আমরা ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারিনি। গোল করার পর আমরা অনেক বেশি নিচে নেমে গিয়েছিলাম। এত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এভাবে শুধু রক্ষণ সামলে ম্যাচ শেষ করা খুব কঠিন।’

গর্ডনের গোলের পর প্রায় ৩০ মিনিট বাকি থাকতেই পাঁচ ডিফেন্ডারের রক্ষণে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। টুখেল স্বীকার করেন, তার বদলগুলো প্রত্যাশিত ফল দেয়নি। তবে তখন দলের লিড ধরে রাখার চিন্তাই প্রাধান্য পেয়েছিল।

ইংল্যান্ড কোচ বলেন, ‘আমি সিদ্ধান্তের দায় নিচ্ছি। কোচ হিসেবে কঠিন মুহূর্তে সিদ্ধান্ত নিতেই হয়। আজ সেগুলো আমাদের পক্ষে কাজ করেনি।’

শেষ দিকে এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোল এবং যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলে ম্যাচ হাতছাড়া হয় ইংল্যান্ডের। টুখেলের মতে, শেষ ১৫-২০ মিনিটে আর্জেন্টিনা ম্যাচের গতি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যায়।

তবে হতাশার মধ্যেও নিজের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন জার্মান এই কোচ। তিনি বলেন, ’এই হার যতই কষ্টের হোক, তরুণ দলটি পুরো টুর্নামেন্টে অসাধারণ লড়াই করেছে। এমন অভিজ্ঞতা থেকেই ভবিষ্যতের জন্য শিক্ষা নিতে হবে।’

এই হারের ফলে ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন আবারও অধরাই রয়ে গেল ইংল্যান্ডের। অন্যদিকে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে স্পেনের বিপক্ষে শিরোপা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD