বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

হরমুজ নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, কঠোর বার্তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে ওমানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। পরিবর্তে পাল্টা প্রস্তাব দিয়ে ইরান জানিয়েছে, না মানলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে ।

গত শুক্রবার ও শনিবার তেহরান সফরকারী ওমানের প্রতিনিধিদল হরমুজ প্রণালি ও এর সামুদ্রিক নৌযান চলাচল ব্যবস্থাপনার জন্য একটি আঞ্চলিক যৌথ কনসোর্টিয়াম গঠনের প্রস্তাব দেয়।

ওমানের প্রস্তাবে প্রণালিটির ব্যবস্থাপনায় ৫০-৫০ ভিত্তিতে দায়িত্ব ভাগাভাগির কথা বলা হয়। অর্থাৎ, প্রণালির অর্ধেক অংশ থাকবে ইরানের নিয়ন্ত্রণে এবং বাকি অর্ধেক থাকবে ওমানের তত্ত্বাবধানে।

তবে ইরান এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোনো কাঠামো কেবল ইরান ও ওমানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। ইরানের যুক্তি, প্রণালিটির তীরবর্তী রাষ্ট্র হিসেবে একমাত্র এই দুই দেশেরই এ বিষয়ে বিশেষ অধিকার রয়েছে।

এ ছাড়া ইরান দাবি করেছে, প্রণালির ৫০ শতাংশ অংশের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে এবং বাকি অংশেও আংশিক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।

ফলে আলোচনা ইতিবাচক অগ্রগতির দিকে এগোচ্ছে—এমন বার্তা মিললেও, হরমুজ প্রণালি নিয়ে নিজেদের মূল অবস্থান থেকে এখনো সরে আসেনি তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, এটি ইরানের পাল্টা প্রস্তাব। ওমান তা গ্রহণ না করলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

অন্যদিকে, বুধবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, হরমুজ প্রণালির যৌথ আঞ্চলিক ব্যবস্থাপনা নিয়ে ওমানের প্রস্তাব সরাসরি নাকচ করেছে তেহরান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, এ পরিকল্পনার সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাঁর অভিযোগ, ওমানের ওপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব, যাতে তারা হরমুজ প্রণালি নিয়ে তাদের ‘অবাস্তব’ পরিকল্পনা এগিয়ে নেয়।

সূত্র: আল জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD