শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

দেশের বৈদেশিক ঋণ পরিশোধ সক্ষমতা মূল্যায়ন এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বেসরকারি খাতের মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণের বিস্তারিত তথ্য প্রতি তিন মাসের পরিবর্তে প্রতি মাসে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক এবং তাদের অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, অর্থনৈতিক নীতি প্রণয়ন, বৈদেশিক ঋণের নিবিড় পর্যবেক্ষণ, ব্যালেন্স অব পেমেন্টস (Balance of Payments), আন্তর্জাতিক বিনিয়োগ অবস্থান (International Investment Position) সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত এবং দেশের সামগ্রিক আর্থিক স্বাস্থ্য মূল্যায়নের স্বার্থে এই পরিবর্তন আনা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, চলতি জুলাই ২০২৬ মাস থেকেই এ নিয়ম কার্যকর হবে। প্রতিটি মাস শেষ হওয়ার পর পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্ধারিত পাঁচটি ইনপুট টেমপ্লেট পূরণ করে বাংলাদেশ ব্যাংকের ই-রিটার্নস পোর্টালে আপলোড করতে হবে।

এ ছাড়া প্রয়োজনীয় ফরম এবং বৈদেশিক ঋণচুক্তি-সংক্রান্ত নথিপত্রের হার্ডকপিও পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগে জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ সাল পর্যন্ত সংশোধিত)-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, নতুন এই নির্দেশনার বাইরে বৈদেশিক ঋণ-সংক্রান্ত আগের সার্কুলারগুলোর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD