মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আলোচনা-সমঝোতা নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো ইরান শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবে কি না, ভারতকে তা স্পষ্ট করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা চাইল ইসি ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, হাসপাতালে ৫৮০ বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল ইসরাইলের বিরুদ্ধে ‘তাৎক্ষণিক ও কার্যকর’ পদক্ষেপের আহ্বান ইরানের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৯ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্টে ২ লঘুচাপসহ বন্যার শঙ্কা, থাকতে পারে তাপপ্রবাহও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

আগস্ট মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। একই সঙ্গে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানকারী বিশেষজ্ঞ কমিটি।

রোববার (২ আগস্ট) ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত কমিটির নিয়মিত সভায় জুলাই মাসের আবহাওয়ার পর্যালোচনা এবং আগস্ট মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম।

পূর্বাভাস অনুযায়ী, আগস্টে ঢাকায় ২৮০ থেকে ৩২০ মিলিমিটার, ময়মনসিংহে ৩৪০ থেকে ৩৮০ মিলিমিটার, চট্টগ্রামে ৪৮০ থেকে ৫২০ মিলিমিটার, সিলেটে ৪৫০ থেকে ৪৯০ মিলিমিটার, রাজশাহীতে ২৪০ থেকে ২৬০ মিলিমিটার, রংপুরে ৩৫০ থেকে ৩৯০ মিলিমিটার, খুলনায় ২৬০ থেকে ৩০০ মিলিমিটার এবং বরিশালে ৩৮০ থেকে ৪২০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

এ মাসে দেশে ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

নদ-নদীর পানির সমতল আগস্টজুড়ে বাড়তে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি। মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

কৃষি আবহাওয়া নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, আগস্টে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে, যা আমন ধানসহ চলমান কৃষি কার্যক্রমের জন্য সহায়ক হবে।

এদিকে জুলাই মাসে সারাদেশে গড়ে ৬৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিক ৪৯১ মিলিমিটারের তুলনায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি। ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের প্রায় সব বিভাগেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।

জুলাই মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এর মধ্যে দুটি নিম্নচাপে এবং একটি গভীর নিম্নচাপে পরিণত হয়। এসব আবহাওয়াজনিত ব্যবস্থার প্রভাবে মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রসহ ঝড়ো হাওয়া এবং দমকা বাতাস বয়ে যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD