যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভূপাতিত করা ড্রোন ও যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষও রাখা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর টানা ৪০ দিন সংঘাত চলে। এ সময় আইআরজিসির অ্যারোস্পেস ইউনিট বেশ কয়েকটি মার্কিন ও ইসরাইলি ড্রোন এবং যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে।
শুক্রবার (৭ আগস্ট) প্রথমবারের মতো মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়। তাসনিম নিউজ জানিয়েছে, ‘রমজানের যুদ্ধ’ চলাকালে বিমানটি ভূপাতিত করা হয়েছিল।
প্রদর্শিত ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে বিমানের পাইলটের আসন, ক্যানোপি কভারের অংশ এবং রাডারের কয়েকটি অংশ। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও প্রদর্শনীতে রাখা হয়েছে।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহাবি তাসনিম নিউজকে বলেন, গত বছরের ১২ দিনের যুদ্ধের পর ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেয়। এর অংশ হিসেবে একটি জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়।
তার দাবি, মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা ওই প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সাফল্য।