বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

দুপুরের মধ্যে ইসিতে রাষ্ট্রপতির নাম পাঠাবে বিএনপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবেন বিএনপি। দলের সিনিয়র নেতাদের সচিবালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেখান থেকেই ইসিতে চূড়ান্ত প্রার্থীর নাম পাঠাবে বিএনপি।

দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন-এই প্রশ্নের উত্তর জানতে উদগ্রীব হয়ে আছেন দেশবাসী। জনমনে ব্যাপক কৌতূহল। রাজনৈতিক দলগুলোর ভেতরে-বাইরে চলছে নানা আলোচনা।

জানা যায়, রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই চূড়ান্ত। তবে বিএনপির কৌশলগত নীরবতায় কেউ কেউ শেষ মুহূর্তে চমকের অপেক্ষায় রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বুধবার সাক্ষাৎ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ১৩ আগস্ট। ফলে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই বিএনপির প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমার প্রস্তুতি নেওয়া হয়েছে। দুপুরের আগেই দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করবে বিএনপি।

অপরদিকে এই নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে। তার পক্ষে আজ মনোনয়নপত্র দাখিল করবেন জোট নেতারা। প্রার্থিতা যাচাই-বাছাই শেষে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনকক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ ৩৪৯ জন সংসদ-সদস্য ভোট দেবেন। তবে রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের বাইরে অন্য প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ নেই সংসদ-সদস্যদের। সে হিসাবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থীকে রাষ্ট্রপতি ঘোষণা করা স্রেফ আনুষ্ঠানিকতা বাকি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD