রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :

অস্ত্রবিরতির পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতির পর লেবাননে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন।

লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলার আলী আল-তাহের পাহাড় ও দাবশার মধ্যবর্তী এলাকায় বিমান হামলার পর আগুনের শিখা ও ধোঁয়া উঠতে দেখা গেছে।

লেবাননের স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ফুটেজে বিস্ফোরণের বিকট শব্দও শোনা যায়, যা আল জাজিরা সত্যতা যাচাই করে নিশ্চিত করেছে।

লেবাননের বার্তা সংস্থা আল মানার টিভি জানিয়েছে, এলাকায় ইসরায়েলি বিমান হামলার কারণে এসব ভয়াবহ বিস্ফোরণ ঘটে। অন্যদিকে নাবাতিয়ে চ্যানেল জানায়, হামলাগুলো মূলত কফর রেমান শহরের কাছাকাছি এলাকায় চালানো হয়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পর লেবাননে একদিনে এটিই সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা। এ হামলায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর হামলায় তাদের তিন সৈন্য গুরুতর আহত হওয়ার পর এই পাল্টা হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর লক্ষ্য ছিল সংগঠনটির একটি সদর দপ্তর। তবে সংস্থাটি স্বীকার করেছে, হামলার সময় সংশ্লিষ্ট হিজবুল্লাহ সদস্যের পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্র দাবি করেছেন, এই হামলার উদ্দেশ্য লেবাননের সঙ্গে একটি নতুন ও কার্যকর আলোচনার সূচনা করা।

ইসরায়েলি সরকারের মুখপাত্র ডোরন স্পিলম্যান বার্তা সংস্থা এএফপিকে জানান, লেবাননে ইসরায়েলের এই সাম্প্রতিক সামরিক পদক্ষেপ আলোচনা বন্ধের জন্য নয়, বরং তা নতুনভাবে শুরু করতেই নেওয়া হয়েছে।

ডোরন স্পিলম্যান আরও উল্লেখ করেন, ইসরায়েল এখনও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি মেনে চলছে।

তিনি এএফপিকে বলেন, ‘আমরা এই চুক্তিতে বিশ্বাস করি। আমরা আশা করি লেবাননের সশস্ত্র বাহিনী বাস্তব পদক্ষেপ নেবে এবং তাদের সহায়তায় আমরা যৌথভাবে হিজবুল্লাহকে সেখান থেকে অপসারণ করতে পারব।’

উল্লেখ্য, দুই দেশের মধ্যে হওয়া এই চুক্তিতে স্পষ্ট বলা রয়েছে লেবানন সশস্ত্র বাহিনীকে হিজবুল্লাহর অস্ত্র মুক্ত করার মাধ্যমে পুরো দেশের ওপর তাদের সার্বভৌম কর্তৃত্ব পুনর্প্রতিষ্ঠা করতে হবে। এরপরই ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে লেবাননের ভূখণ্ড থেকে সরে আসবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD