মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহকারীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে প্রশ্ন করায় সিএনএন-এর এক নারী সাংবাদিকের ওপর ক্ষোভ ঝাড়ল ট্রাম্প প্রশাসন। সম্প্রতি হোয়াইট হাউসের পক্ষ থেকে একের পর এক নারী সাংবাদিকদের ওপর আক্রমণের ধারাবাহিকতায় এটি নতুন করে বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে।
ওভাল অফিসে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিক ক্রিস্টেন হোম্স প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তার নির্বাহী সহকারী ৩৪ বছর বয়সি নাটালি হার্পের বিষয়ে ডেমোক্রেটিক এক আইন প্রণেতার মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চান।
প্রশ্নটির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হোয়াইট হাউসের ‘র্যাপিড রেসপন্স’ টিম ভিডিওর লিংক শেয়ার করে ক্রিস্টেন হোম্সকে লক্ষ্য করে মন্তব্য করে, ‘একদিন আপনার সন্তানরা আপনার এই নোংরা ও অমানবিক প্রশ্ন দেখতে পাবে।’ তারা আরও যোগ করে, ‘হোয়াইট হাউসে প্রেসিডেন্ট একজন বীর লাইফগার্ডকে সংবর্ধনা দিচ্ছেন, আর তিনি (সাংবাদিক) এই সুযোগে প্রেসিডেন্ট ট্রাম্পের একজন কর্মী সম্পর্কে সস্তা আক্রমণ চালাচ্ছেন। এই ধরনের লোকগুলো একেবারে নিম্নমানের।’
পরবর্তী সময়ে উত্তর কোরিয়া নিয়ে প্রশ্ন করার সময় ৮০ বছর বয়সি এই রিপাবলিকান নেতা উলটো হোম্সকে কড়া ভাষায় সমালোচনা করেন। ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে তাকে বলেন, ‘আপনি একজন উচ্চবাচ্যকারী, চিৎকারকারী লোক। আপনি ফেক নিউজ, চুপ থাকুন।’
অনুষ্ঠানটি মূলত এক কিশোর লাইফগার্ডকে সম্মান জানাতে আয়োজন করা হয়েছিল, যিনি সম্প্রতি প্রকাণ্ড ঢেউ থেকে একটি শিশুকে রক্ষা করেছিলেন। তবে ট্রাম্প তার নিয়মিত অভ্যাসের অংশ হিসেবে সেখানে মূল বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ে প্রশ্ন নেওয়ার জন্য সুযোগ রেখেছিলেন।
হোয়াইট হাউসের এই ধরণের আচরণের তীব্র নিন্দা জানিয়ে সিএনএন এক বিবৃতিতে বলেছে, হোম্সের ওপর এই ধরনের ব্যক্তিগত আক্রমণ ‘প্রেসিডেন্টের পদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ সিএনএন আরও জানায়, ‘আমরা দৃঢ়ভাবে ক্রিস্টেনের পাশে দাঁড়াচ্ছি এবং এই আক্রমণের কঠোর ভাষায় প্রতিবাদ জানাচ্ছি।’
সম্প্রতি গত জুলাইয়ে একটি গোপন এয়ার ফোর্স ওয়ান বিমান পরিবর্তনের সময় ট্রাম্পের সঙ্গে যে কয়েকজন অল্পসংখ্যক বিশ্বস্ত সহকারী ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন নাটালি হার্প। এরপর থেকেই নাটালিকে নিয়ে ইন্টারনেট ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও চর্চা শুরু হয়।
ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর এবং ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ওসফ সম্প্রতি এক নির্বাচনী প্রচারণায় অভিযোগ তুলে বলেন, ট্রাম্প নিজের কাজ সঠিকভাবে না করে ‘তার বলরুম তৈরি করতে চান এবং নাটালির সঙ্গে ভ্রমণ করতে পছন্দ করেন।’
ট্রাম্প এর জবাবে সিনেটর ওসফকে ‘পি-উই হারম্যানের মতো দেখতে’ বলে কটাক্ষ করেন এবং হোয়াইট হাউসে ৪০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত বলরুমের স্বপক্ষে কথা বলেন, তবে সহকারী নাটালি হার্পকে নিয়ে কোনো মন্তব্য করেননি।