রাজধানীতে অপরাধ দমন ও মাদকবিরোধী জোরদার অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব ধারাবাহিক অভিযানে মোট ৪৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ে নগরীর বিভিন্ন থানায় ৫৯টি পৃথক মামলা দায়ের করা হয়।
বুধবার (১৯ আগস্ট) ডিএমপির মিডিয়ান অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা (ডিবি) বিভাগ এই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে সবচেয়ে বেশি ১৩২ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এছাড়া ওয়ারী বিভাগ ৮০ জন, উত্তরা বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৫৩ জন, তেজগাঁও বিভাগ ৪৫ জন, গুলশান বিভাগ ৪০ জন, রমনা বিভাগ ৩৪ জন ও লালবাগ বিভাগ ৩৩ জনকে গ্রেফতার করে। ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে গ্রেফতার হয়েছেন আরও ১১ জন।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে রয়েছে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, ২ পুরিয়া হেরোইন এবং ৫ লিটার দেশি মদ।
মাদকের পাশাপাশি অভিযানকালে ১১ হাজার ৪৮০টি নকল ক্রিম, ৫২৬ বস্তা চাউল, ১১টি ছিনতাই হওয়া মোবাইল ফোন, ২টি চাকু, ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার এবং একটি প্রাইভেটকারের রিমোট চাবি উদ্ধার করা হয়। এছাড়া অভিযান চলাকালে ২ জন ভিকটিমকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মাদক ও অপরাধমুক্ত নগরী গড়তে এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।