রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভারতের ওড়িশার উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে বাংলাদেশিসহ ২৪ জন নাবিক ছিলেন। এর মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরও ২২ জন। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, এমভি ওশান উইনার নামের জাহাজটিতে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক ছিলেন। জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল।

শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায় ভারতীয় কোস্ট গার্ডের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার। এরপর জাহাজটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়।

কাছাকাছি অবস্থান করা এমটি আইসোপস নামের একটি বাণিজ্যিক জাহাজকে উদ্ধার অভিযানে যুক্ত করা হয়। পরে রাত ৮টার দিকে দুটি লাইফ র‌্যাফট থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়।

নিখোঁজ ২২ নাবিককে উদ্ধারে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনীর তিনটি জাহাজ— বরদ, অনমোল ও বিজিত অভিযানে অংশ নিচ্ছে। আশপাশে থাকা অন্যান্য জাহাজকেও অনুসন্ধান অভিযানে যুক্ত করা হয়েছে।

জাহাজটি কী কারণে ডুবে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ নাবিকদের অবস্থান এবং জাহাজটির ডুবে যাওয়ার কারণ জানতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD