১২ আগস্টের ঐতিহাসিক পূর্ণ সূর্যগ্রহণের মাত্র ১৬ দিন পর, ২৮ আগস্ট আবারও আকাশে দেখা যাবে বড় ধরনের একটি মহাজাগতিক ঘটনা। ওই দিন স্পেনজুড়ে দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ। গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে পৃথিবীর ছায়া চাঁদের ব্যাসের প্রায় ৯৩ শতাংশ ঢেকে দেবে।
যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে তখন চন্দ্রগ্রহণ ঘটে। ২৮ আগস্টের গ্রহণটি হবে আংশিক, কারণ চাঁদের পুরো অংশ পৃথিবীর গাঢ় ছায়ায় প্রবেশ করবে না।
এই গ্রহণ দেখতে কোনো বিশেষ চশমা বা সুরক্ষা সরঞ্জামের প্রয়োজন হবে না। খালি চোখেই নিরাপদে দেখা যাবে। দুরবিন বা টেলিস্কোপ লাগবে, এমন নয়।
স্পেনের পুরো অঞ্চল থেকেই গ্রহণের কোনো না কোনো পর্যায় দেখা যাবে। তবে কোথা থেকে দেখা হচ্ছে, তার ওপর দৃশ্যমানতার পার্থক্য থাকবে। দেশটির মধ্য ও পূর্বাঞ্চল, বালিয়ারিক দ্বীপপুঞ্জ এবং মেলিয়ায় গ্রহণের আংশিক পর্যায় শেষ হওয়ার আগেই চাঁদ অস্ত যাবে। অন্যদিকে স্পেনের বাকি উপদ্বীপীয় অঞ্চল, ক্যানারি দ্বীপপুঞ্জ ও সেউতায় চাঁদ অস্ত যাওয়ার পর গ্রহণের আংশিক পর্যায় শেষ হবে।
তাই গ্রহণ দেখার জন্য দিগন্তের দিকে ভালোভাবে খোলা জায়গা বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেদিকে চাঁদ অস্ত যাবে, সেই দিকের দিগন্ত পরিষ্কার থাকা দরকার। আবহাওয়াও এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
২৮ আগস্টের এই গ্রহণ শুধু স্পেনেই নয়, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা এবং পশ্চিম এশিয়ার কিছু অঞ্চল থেকেও এর বিভিন্ন পর্যায় দেখা যাবে।
সূত্র: ইউরোনিউজ