মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

ঢাবিতে একদিনে বড় দুই সিদ্ধান্ত, সাময়িক বরখাস্ত ৪ শিক্ষক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

একদিনেই বড় দুই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায়। জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হওয়ার অভিযোগে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানকে (সায়েম রানা) সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত ১১টা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে তিন শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্তে জুলাই গণঅভ্যুত্থানের সময় তাদের ভূমিকা ও অবস্থান নিয়ে অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট তাঁদের সাময়িক বরখাস্ত এবং অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে, নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করার অভিযোগে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানকে (সায়েম রানা) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য তার বিরুদ্ধে পৃথক একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, ড. জিয়াউর রহমান ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স ও মাস্টার্স এবং সংগীত বিষয়ে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তবে সংগীত বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে সংগীত বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি থাকা বাধ্যতামূলক হিসেবে উল্লেখ ছিল। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে তিনি কীভাবে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, ছাত্রীদের আবাসিক হলগুলোর গেট বন্ধের সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর গেট রাত ১১টায় বন্ধ হবে। এর আগে হলগুলোর গেট বন্ধের সময়সীমা ছিল রাত ১০টা।

সিন্ডিকেটের সভায় নেওয়া এ সিদ্ধান্তের ফলে ছাত্রীদের জন্য হলে প্রবেশের সময়সীমা আগের তুলনায় এক ঘণ্টা বাড়ল। ফলে রাত ১০টার পরিবর্তে এখন রাত ১১টা পর্যন্ত ছাত্রী হলগুলোর গেট খোলা থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD