সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি ভেনিসের পর্দায় বাংলাদেশের ইতিহাস, নজর কাড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ রিজার্ভ কমে দাঁড়াল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে সাভারে পুলিশ সদস্য হত্যায় ৯ জন গ্রেপ্তার যুদ্ধ আগামী শীতকাল পর্যন্ত গড়াতে পারে: জেলেনস্কি একাধিক ফ্রন্ট থেকে ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান বিপদের আশঙ্কায় মেক্সিকোর নোগালেসে মার্কিন কর্মকর্তাদের চলাচলে বিধিনিষেধ যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার উদ্যোগ নিলো ইউক্রেন ইরানের হামলার ভয়ে মোবাইল–কম্পিউটারের ‘অ্যাড ট্র্যাকার’ বন্ধ রাখছে মার্কিন বাহিনী মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন

ইরানের হামলার ভয়ে মোবাইল–কম্পিউটারের ‘অ্যাড ট্র্যাকার’ বন্ধ রাখছে মার্কিন বাহিনী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের হামলার শিকার হওয়ার আশঙ্কায় নিজেদের মোবাইলফোন ও কম্পিউটারে থাকা ‘অ্যাড ট্র্যাকার’ বা মোবাইল অ্যাডভার্টাইজিং আইডি (এমএআইডি) নিষ্ক্রিয় করে রাখছেন মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা।

মার্কিন সিনেটর রন ওয়াইডেনের লেখা একটি চিঠিতে বিষয়টি উঠে এসেছে। গত শুক্রবার চিঠিটি প্রকাশ করা হয়।

কয়েকজন মার্কিন সেনা কর্মকর্তাও বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাদের বিভিন্ন ধরনের মোবাইলফোন ও কম্পিউটারে থাকা ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় করা হয়েছে।

বাণিজ্যিকভাবে পাওয়া ‘লোকেশন ডেটা’ ব্যবহার করে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের হামলার লক্ষ্যবস্তু করছে—এমন খবরের মধ্যে মার্কিন বাহিনীর এ পদক্ষেপের কথা সামনে এলো।

‘অ্যাড ট্র্যাকার’ এমন একটি প্রযুক্তি, যা মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহারকারীর অবস্থান, ব্রাউজিং তথ্য, অ্যাপ ব্যবহার ও অনলাইন কার্যকলাপ অনুসরণ করতে পারে। সাধারণত এসব তথ্য ব্যবহারকারীকে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখানোর কাজে ব্যবহার করা হয়।

মার্কিন বিমানবাহিনী ওয়াইডেনকে জানিয়েছে, দুই মাস আগে তারা তাদের কম্পিউটার ও মোবাইলফোনে থাকা ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় করেছে।

মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ড জানিয়েছে, তারা সম্প্রতি তাদের উইন্ডোজচালিত ডিভাইসগুলোয় থাকা এসব শনাক্তকারী ব্যবস্থা নিষ্ক্রিয় করেছে।

মার্কিন সেনাবাহিনী রয়টার্সকে জানিয়েছে, চলতি বছরের শুরু থেকেই তাদের মোবাইলফোনে থাকা ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় করে রাখা হয়েছে।

লোকেশন ডেটা নিয়ে জাতীয় নিরাপত্তা উদ্বেগ

ওরেগন অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট দলীয় সিনেটর রন ওয়াইডেন কয়েক মাস ধরে এ বিষয়ে পেন্টাগনের কাছে জবাবদিহি ও পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন।

মোবাইলফোন ও কম্পিউটার ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত তথ্য বিজ্ঞাপনশিল্পের মাধ্যমে সংগ্রহ করে ডেটা ব্রোকারদের কাছে বিক্রি করা হচ্ছে। এ নিয়ে জাতীয় নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। এসব তথ্য ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে মোতায়েন সামরিক সদস্যদের অবস্থান শনাক্ত করা এবং তাদের লক্ষ্যবস্তু করা সম্ভব।

ডেটা ব্রোকার হলো এমন প্রতিষ্ঠান, যারা ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংকলন করে। পরে এসব তথ্য অন্যদের কাছে বিক্রি করে।

মার্কিন বিমানবাহিনী ও স্পেশাল অপারেশনস কমান্ড এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ওয়াইডেনকে দেওয়া সেনাবাহিনী ও নৌবাহিনীর পৃথক চিঠিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর ডিভাইসগুলোয় বিজ্ঞাপন আইডি নিষ্ক্রিয় করা হয়েছে। তবে ঠিক কবে থেকে এসব বিধিনিষেধ কার্যকর করা হয়েছে, সে বিষয়ে চিঠিতে কোনো তথ্য দেওয়া হয়নি।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উইন্ডোজ কম্পিউটারগুলোয় বিজ্ঞাপন আইডি ২০২১ সালের আগে থেকেই বন্ধ রয়েছে। তবে অ্যান্ড্রয়েড ও অ্যাপলের মোবাইলফোনে অন্তত ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

নৌবাহিনীর বক্তব্য জানতে পাঠানো বার্তার কোনো জবাব পাওয়া যায়নি।

মোবাইলফোন ব্যবহারে আরো কঠোর বিধিনিষেধ

স্মার্টফোন থেকে ব্যবহারকারীর অবস্থানসংক্রান্ত তথ্য বা লোকেশন ডেটা সংগ্রহের সুযোগ কমানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে এমন সময়ে, যখন মার্কিন সামরিক কর্মকর্তারা মোবাইলফোন ব্যবহারের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপের বিষয় বিবেচনা করছেন।

গত জুলাইয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের মধ্যে কাউকে কাউকে তাঁদের মোবাইলফোন জমা দিতে বলা হতে পারে। ইন্টারনেটে তাঁদের পোস্ট করা ভিডিও ব্যবহার করে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করতে পারছে—এমন উদ্বেগ তৈরি হওয়ার পর এ বিষয়টি বিবেচনা করা হয়।

এ নিয়ে গত শুক্রবার পেন্টাগনের কাছে চিঠি পাঠিয়েছেন ওয়াইডেন ও নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান পার্টির প্রতিনিধি প্যাট হ্যারিগান। তাঁরা তদন্তের দাবি জানিয়েছেন।

চিঠিতে সামরিক বাহিনী ও এর সদস্যদের অবস্থানের তথ্য কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি যথাযথভাবে মোকাবিলা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। চিঠিতে বিভিন্ন সামরিক শাখার দেওয়া তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব তথ্যে সামরিক বাহিনীর মোবাইলফোন ও কম্পিউটারে ‘অ্যাড আইডি’ নিষ্ক্রিয় করার বিষয়ে নেওয়া পদক্ষেপের কথা জানানো হয়েছে।

ওয়াইডেন এক বিবৃতিতে বলেছেন, সামরিক বাহিনীর নেওয়া পদক্ষেপগুলো যে ‘এ হুমকি মোকাবিলায় কার্যকর হয়নি, তা এখন স্পষ্ট’।

হ্যারিগান বলেন, যুক্তরাষ্ট্রের শত্রুদের ক্রেডিট কার্ড বের করে এমন তথ্য কিনতে দেওয়া উচিত নয়, যা তাদের মার্কিন সেনাদের গতিবিধি অনুসরণ করতে সহায়তা করে।

পেন্টাগন এক ই-মেইলে জানিয়েছে, আইনপ্রণেতাদের দেওয়া চিঠির জবাব তারা সরাসরি তাদের কাছেই দেবে।

অ্যাড আইডি বন্ধ হলেও ঝুঁকি পুরোপুরি কাটছে না

মোবাইল অ্যাডভার্টাইজিং আইডি বা এমএআইডি হলো প্রতিটি ডিভাইসের সঙ্গে যুক্ত আলাদা শনাক্তকারী ব্যবস্থা। এগুলো ব্যবহার করে মোবাইলফোনের বিভিন্ন অ্যাপে ব্যবহারকারীর কার্যকলাপ অনুসরণ করা যায়। একইভাবে তার অবস্থানও শনাক্ত করা সম্ভব।

মোবাইলফোন ও কম্পিউটারের মতো ডিভাইস ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় কাজ করা প্রযুক্তিপ্রতিষ্ঠান ডিক্রিপ্টঅ্যাডসের সহপ্রতিষ্ঠাতা জ্যাক এডওয়ার্ডস বলেন, সামরিক বাহিনীর ব্যবহৃত ডিভাইসে মোবাইল অ্যাডভার্টাইজিং আইডি নিষ্ক্রিয় করার উদ্যোগ ‘নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ’।

এডওয়ার্ডস বলেন, এসব বিধিনিষেধের ফলে বিভিন্ন কোম্পানি যে বিপুল পরিমাণ ডেটা বিক্রি করে, সেখানে সামরিক সদস্যদের অবস্থানসংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা কমবে।

তবে আরো জটিল কিছু উপায়ে সামরিক সদস্যদের গতিবিধি অনুসরণ করা সম্ভব বলেও সতর্ক করেন তিনি। তার ভাষ্য, ডিভাইসের কারিগরি তথ্যের সঙ্গে নেটওয়ার্ক ডেটা বা লোকেশন তথ্য মিলিয়ে তাঁদের অবস্থান শনাক্ত করা যেতে পারে।

যুদ্ধের ছয় মাস পরও বদলায়নি পরিস্থিতি

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের আকস্মিক হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। যুদ্ধের শুরুতে মার্কিন নেতৃত্বের প্রত্যাশা ছিল, ইরানের ওপর ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক চাপ তেহরানের নেতৃত্বকাঠামোয় পরিবর্তন আনবে।

কিন্তু ছয় মাস পর এখন স্পষ্ট, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। বরং দীর্ঘমেয়াদি যুদ্ধ এবং এর প্রভাব সামাল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD