সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ খেলার নিয়ম পাল্টে গেছে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি ভেনিসের পর্দায় বাংলাদেশের ইতিহাস, নজর কাড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ রিজার্ভ কমে দাঁড়াল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে সাভারে পুলিশ সদস্য হত্যায় ৯ জন গ্রেপ্তার যুদ্ধ আগামী শীতকাল পর্যন্ত গড়াতে পারে: জেলেনস্কি একাধিক ফ্রন্ট থেকে ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান বিপদের আশঙ্কায় মেক্সিকোর নোগালেসে মার্কিন কর্মকর্তাদের চলাচলে বিধিনিষেধ যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার উদ্যোগ নিলো ইউক্রেন

ভেনিসের পর্দায় বাংলাদেশের ইতিহাস, নজর কাড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা। উৎসবের ৮৩তম আসরের প্রতিযোগিতামূলক ‘অরিজোন্তি’ বিভাগে নির্বাচিত সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ভেনিস চলচ্চিত্র উৎসবের পর্দায় জায়গা করে নিয়েছে সিনেমাটি।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গত ২ সেপ্টেম্বর। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উৎসবের মূল ভেন্যু পালাৎসো দেল সিনেমার সালা ক্যাসিনো থিয়েটারে অনুষ্ঠিত হয় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রথম প্রদর্শনী। পরদিন রোববার (৬ সেপ্টেম্বর) সালা দারসেনা থিয়েটারে হয় দ্বিতীয় প্রদর্শনী। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় সময় অনুযায়ী অ্যাস্ট্রা-১ ও অ্যাস্ট্রা-২ থিয়েটারে সিনেমাটির আরও দুটি প্রদর্শনী হওয়ার কথা রয়েছে।

শৈশবের স্মৃতি, একটি বিউটি পার্লার ও বিয়েবাড়ির ভীতিপ্রদ গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটির ভাবনা নিয়ে প্রায় দুই দশক ধরে কাজ করছেন পরিচালক রুবাইয়াত হোসেন। শৈশবে একটি পার্লারে শোনা গল্প এবং সেই সময়ের কিছু স্মৃতি দীর্ঘদিন ধরে তাকে তাড়িয়ে বেড়িয়েছে। সেই স্মৃতি থেকেই ঢাকার একটি বিউটি পার্লার, একটি বিয়ে এবং ছোটবেলার এক ভয়ংকর গল্পকে উপজীব্য করে নির্মাণ করা হয়েছে সিনেমাটি।

সিনেমাটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এর নারীনির্ভর নির্মাণদল। আবহ সংগীতের বিভাগ ছাড়া চিত্রগ্রহণ, সম্পাদনা, প্রোডাকশন ডিজাইনসহ প্রায় সব গুরুত্বপূর্ণ বিভাগের নেতৃত্বে ছিলেন নারীরা। এ বিষয়ে পরিচালক রুবাইয়াত হোসেন বলেন, নারী টেকনিশিয়ানদের দক্ষতা ও কাজের গতি ছিল বিস্ময়কর। নারীরা ভালো সিনেমা বানাতে পারে না এমন ভুল ধারণা ভাঙতে পেরেছে সিনেমাটি।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ জাইনীন চৌধুরী করিম। বিভিন্ন চরিত্রে আরও আছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। অতিথি চরিত্রে দেখা গেছে আজমেরী হক বাঁধন ও দামীর খানকে।

ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে, জার্মানি ও বাংলাদেশের খনা টকিজের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। চলতি বছরের মধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। আর আগামী বছর বাংলাদেশের দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD