গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৬৫৮ জনে পৌঁছেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আট ফিলিস্তিনি নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। এছাড়া পূর্বে পরিচালিত হামলায় গুরুতর আহত আরও দুই ব্যক্তি মারা গেছেন।
খান ইউনুসের উত্তর-পশ্চিমে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় ইসমাইল ইব্রাহিম কানদিল নামের এক ফিলিস্তিনি নিহত হন বলে ওয়াফা নিশ্চিত করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে পরিচালিত ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৬৫৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ৬২২ জন আহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনী সমগ্র গাজা এবং অবরুদ্ধ পশ্চিম তীর জুড়ে তাদের হামলা ও অভিযান অব্যাহত রেখেছে। গাজা শহরের উপকূলে ফিলিস্তিনি মাছ ধরার নৌকায় ইসরায়েলি নৌবাহিনীর গুলিবর্ষণে দুই জেলে আহত হয়েছেন।
এছাড়া রামাল্লাহ, তুলকারম, নিলিন এবং নাবলুসে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের আটক করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে নাবলুসের দক্ষিণে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একটি কৃষি শেড আক্রমণ, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত এবং দুই ফিলিস্তিনিকে শারীরিকভাবে প্রহার করেছে। বসতি স্থাপনকারীরা জর্ডান উপত্যকার আল-হাদিদিয়া এলাকায় জমি বেড়া দিয়ে ঘিরে ফিলিস্তিনিদের কৃষিজমিতে প্রবেশের সুযোগ সীমিত করতে শুরু করেছে।
সূত্র: মিডল ইস্ট আই