বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে কবে যাবে নিশ্চিত নয়: মন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে কবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে, তা নিয়ে এখনো নিশ্চিত নয় সরকার। বিদ্যুৎ উৎপাদনের আগে দেখা দেওয়া কারিগরি ত্রুটি এবং গত বুধবারের অগ্নিকাণ্ডের ঘটনায় কেন্দ্রটি থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সময়সূচী আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

তবে কারিগরি ত্রুটি শনাক্ত ও সমাধানে রাশিয়া থেকে পাঁচজন বিশেষজ্ঞ এসেছেন। তারা কেন্দ্রের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়ার পর বিদ্যুৎ সরবরাহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সরকারি ঘোষণা ছিল। এ বিষয়ে অগ্রগতি জানতে চাইলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘আমরা এখনো নিশ্চিত নই।’ তিনি বলেন, এই মুহূর্তে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার বিষয়টিই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

মন্ত্রী বলেন, কেন্দ্রের কারিগরি ত্রুটি চিহ্নিত ও সমাধানের জন্য রাশিয়া থেকে পাঁচজন বিশেষজ্ঞ এসেছেন। তারা কেন্দ্রের পরিস্থিতি ও কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করছেন। তাদের প্রতিবেদন পাওয়ার পর সমস্যার সমাধান এবং পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বুধবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, অগ্নিকাণ্ডে তেমন কোনো ক্ষতি হয়নি। কেন্দ্রের সিভিল এলাকায় আগুন লাগায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রকল্পের মূল অংশে এর কোনো প্রভাব পড়েনি।

তিনি বলেন, রূপপুরের মতো একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের সময়সীমার চেয়ে কেন্দ্রের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

ব্রিফিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD