আসন্ন বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে জমে উঠেছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলছে গণসংযোগ, মতবিনিময় ও প্রচারণা। ভোটারদের মধ্যে চলছে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও অতীত কর্মকাণ্ড নিয়ে নানা হিসাব-নিকাশ।
এই আলোচনায় সাম্প্রতিক সময়ে বেশ জোরালোভাবে উঠে এসেছে বিন্নাবাইদ ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান মরহুম মহিউদ্দিন আহমেদের দৌহিত্র, তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. দেলোয়ার হোসাইনের নাম।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসাইন। বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের সঙ্গে সম্পৃক্ততা এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে স্থানীয়দের একটি অংশের মধ্যে তার প্রতি আগ্রহ তৈরি হয়েছে।
বিশেষ করে তার পারিবারিক পরিচয়ও স্থানীয় রাজনীতিতে আলোচনার অন্যতম কারণ হয়ে উঠেছে। প্রয়াত মহিউদ্দিন আহমেদ ছিলেন বিন্নাবাইদ ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। স্থানীয় প্রবীণদের মতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে তার ভূমিকা এখনও ইউনিয়নবাসীর স্মৃতিতে রয়েছে। ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় হাসপাতাল প্রতিষ্ঠায় তার অবদান এবং জমি প্রদানের বিষয়টিও তারা স্মরণ করেন।
প্রবীণদের সেই স্মৃতির সঙ্গে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসাইনের সামাজিক কর্মকাণ্ডকে মিলিয়ে দেখছেন অনেকেই। তার শিক্ষা, পেশাগত অভিজ্ঞতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় ভোটারদের একটি অংশ।
স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, বর্তমান সময়ে ইউনিয়নের অন্যতম বড় চ্যালেঞ্জ মাদক, জুয়া, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয়। এসব সমস্যা মোকাবিলায় তরুণ নেতৃত্বের প্রয়োজন রয়েছে।
তাদের প্রত্যাশা, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব সামনে এলে বিন্নাবাইদ ইউনিয়নের উন্নয়ন আরও গতিশীল হতে পারে।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইঞ্জি. মো. দেলোয়ার হোসাইন বলেন, “আমি কোনো পদের লোভে নয়; বরং বিন্নাবাইদ ইউনিয়নের মানুষের পাশে দাঁড়ানো, মাদক ও জুয়ার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা তৈরি করা এবং অবহেলিত ও মেহনতি মানুষের সেবা করার লক্ষ্যেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুযোগ পেলে ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে কাজ করতে চাই।”