শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

দারুণ ফর্মে আছেন ‘সুলিভান ব্রাদার্স’-এর মধ্যে সর্বকনিষ্ঠ কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভুত এই মিডফিল্ডার মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ৬ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন। তারই পুরস্কার-স্বরূপ মাত্র ১৬ বছর বয়সে প্রথমবার ডাক পেলেন যুক্তরাষ্ট্র জাতীয় দলে।

২০২৬ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক উইন্ডোর স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মরিসিও পচেত্তিনো। ২৬ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত কাভান সুলিভান।

সুলিভানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে অনেক দিন ধরেই আলোচনা চলছে। ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক করেন তিনি। চলতি মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে তার পারফরম্যান্সও নজর কেড়েছে। জাতীয় দলে অভিষেক হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সে খেলা খেলোয়াড়দের তালিকায় ওপরের দিকে জায়গা করে নেবেন তিনি।

সুলিভানের অন্তর্ভুক্তির বিপরীতে সবচেয়ে বড় খবর পুলিসিচের অনুপস্থিতি। ২০২৬ বিশ্বকাপের দলেও ছিলেন এসি মিলানের এই ফরোয়ার্ড। বিশ্বকাপের পর নতুন চক্রের প্রথম স্কোয়াডে তাকে রাখেননি পচেত্তিনো।

তবে শুধু পুলিসিচই নন, বিশ্বকাপের দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবার নেই। ওয়েস্টন ম্যাককেনিও স্কোয়াডে জায়গা পাননি। চোট ও ক্লাব ফুটবলে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়াসহ বিভিন্ন কারণে আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় অনুপস্থিত। অন্যদিকে বিশ্বকাপের পর দলে ফিরেছেন ইউনুস মুসাহ।

সামনে যুক্তরাষ্ট্রের চারটি প্রীতি ম্যাচ—পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে। এসব ম্যাচে নতুন খেলোয়াড়দের পরীক্ষা করার পাশাপাশি ২০৩০ বিশ্বকাপের জন্য দলের ভিত্তি গড়ে তুলতে চান পচেত্তিনো। এমনকি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকও এই পরিকল্পনার একটি অংশ।

যুক্তরাষ্ট্র ফুটবল দল :

গোলরক্ষক: ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিজ, দিয়েগো কোচেন ও ব্রায়ান শোয়াক।

ডিফেন্ডার: জর্জ ক্যাম্পবেল, সের্হিনিও দেস্ত, অ্যালেক্স ফ্রিম্যান, পেটন মিলার, নিল পিয়ের, ক্রিস রিচার্ডস, মাইলস রবিনসন, অ্যান্টোনি রবিনসন, অস্টন ট্রাস্টি ও ফ্র্যাঙ্কি ওয়েস্টফিল্ড।

মিডফিল্ডার: টাইলার অ্যাডামস, ম্যাথিস আলবার্ট, সেবাস্তিয়ান বারহাল্টার, জাভিয়ার গোযো, আদ্রি মেহমেতি, ইউনুস মুসাহ, ব্রুকলিন রেইনস, জিও রেইনা ও মালিক টিলম্যান।

ফরোয়ার্ড: কোল ক্যাম্পবেল, জাস্টিন এলিস, জুলিয়ান হল, রিকার্ডো পেপি ও কাভান সুলিভান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD