অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে জেলা, মহানগর ও অধীনস্থ ইউনিটগুলোর জন্য জরুরি সাংগঠনিক নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। নির্দেশনায় বিভিন্ন পর্যায়ের কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কেন্দ্র ও সংশ্লিষ্ট ইউনিটের মধ্যে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের কথা বলা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ নির্দেশনা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা, পৌর ও থানা পর্যায়ে যেকোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেন্দ্রীয় নির্বাহী কমিটির। জেলা ও মহানগর যুবদলের সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিদ্ধান্ত দেবে।
ইউনিয়ন পর্যায়ে সিদ্ধান্তের নিয়ম
ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন, পুনর্গঠন বা বিলুপ্তির পাশাপাশি কোনো ব্যক্তিকে বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত কিংবা কারণ দর্শানোর মতো সিদ্ধান্তের ক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করতে হবে।
কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা বা কেন্দ্রীয় কমিটির পরামর্শ নেওয়া ছাড়া সংশ্লিষ্ট ইউনিটে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
ওয়ার্ড পর্যায়ে যা করতে হবে
ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি, বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত বা কারণ দর্শানোর মতো বিষয়ে উপজেলা, পৌর বা থানা পর্যায়ের ইউনিটকে সংশ্লিষ্ট জেলা অথবা মহানগর যুবদলকে অবহিত করতে হবে।
এরপর উপজেলা, পৌর বা থানা পর্যায়ের ইউনিট এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
তবে কোনো উপজেলা, পৌর বা থানা ইউনিটে কার্যকর কমিটি না থাকলে ওই ইউনিটের অধীন বা আওতাভুক্ত ওয়ার্ডের সাংগঠনিক বিষয়ে জেলা বা মহানগর যুবদল সরাসরি সিদ্ধান্ত নিতে পারবে।
নির্দেশনা না মানলে ব্যবস্থা
যুবদলের পক্ষ থেকে বলা হয়েছে, সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার স্বার্থে জারি করা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।