৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। এতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এর আগে চূড়ান্ত ফলে সাময়িকভাবে মনোনীত ৬৬৮ জনের মধ্যে ৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে স্থান পায়নি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। তবে সাময়িকভাবে মনোনীত ৫৭ জনকে চূড়ান্ত গেজেট থেকে বাদ দেওয়ার কারণ গেজেটে উল্লেখ করা হয়নি।
এর আগে গত বছরের ১১ নভেম্বর ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল।
পিএসসি জানিয়েছিল, যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে প্রার্থীদের বিভিন্ন তথ্য যাচাই-বাছাই ও অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পর চূড়ান্ত গেজেটে ৬১১ জনের নিয়োগ প্রকাশ করা হলো।
গেজেটে বলা হয়েছে, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৭ নভেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।
চূড়ান্ত গেজেটে নাম না থাকায় ইতোমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন সাময়িকভাবে মনোনীত কয়েকজন প্রার্থী।
তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহেল রানা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে তিনি মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেছিলেন। কিন্তু চূড়ান্ত গেজেটে তার নাম না থাকায় তিনি হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে সোহেল রানা লেখেন, ‘ধন্যবাদ, বাংলাদেশ ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে ১ম হয়েও আমাকে গেজেট থেকে বঞ্চিত করার জন্য।’
চূড়ান্ত ফল প্রকাশের পর সাময়িকভাবে মনোনীত হওয়ার পরও কেন ৫৭ জনের নাম গেজেটে স্থান পেল না—এ নিয়ে এখন প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে গেজেটে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।