দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ককপিট নিয়ন্ত্রণের চেষ্টা এবং ভারতীয় ক্যাপ্টেনকে ছুরিকাঘাতের চাঞ্চল্যকর ঘটনার পেছনে ইরানের কোনো যোগসূত্র থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প জানিয়েছেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি মনে করছেন এই ঘটনার পেছনে ইরানের হাত থাকতে পারে, তবে এ বিষয়ে চূড়ান্ত তদন্ত এখনও চলছে। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ওই ফার্স্ট অফিসারকে ইরান বা অন্য কোনো গোষ্ঠীর সঙ্গে যুক্ত করার মতো সময় এখনো আসেনি।
বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হামলাকারী ফার্স্ট অফিসারের সঙ্গে কোনো দেশের বা সংগঠনের যোগাযোগ ছিল কি না, তা বলার সময় এখনো আসেনি। ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তার সঙ্গে ইরান বা অন্য কারো কোনো সংযোগ ছিল কি না, তা এখনই বলা বেশ প্রারম্ভিক হয়ে যাবে। নেতানিয়াহু আরও আশা প্রকাশ করেন যে, আগামী কয়েক দিনের মধ্যে তারা এই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করতে পারবেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ফ্লাইদুবাই বিমানের হামলাকারীর সঙ্গে ইরানের সম্ভাব্য কোনো সংযোগ বিষয়ে তাকে ব্রিফ করা হয়েছে কি না। জবাবে ট্রাম্প বলেন, তার দল বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। ট্রাম্পের ভাষ্যমতে, আমরা বর্তমানে এটি নিয়ে কাজ করছি এবং বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা হবে। আমি যা শুনতে পাচ্ছি, তার ভিত্তিতে বলা যায় এর উত্তর ‘হ্যাঁ’ হতে পারে, তবে তদন্তের কাজ এখনো অব্যাহত রয়েছে।
সূত্র: এনডিটিভি