সমুদ্রের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। শনিবার (৩ অক্টোবর) সকালে দেশটির পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, পূর্ব উপকূলের বন্দরনগরী ওয়ানসান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এটি ৭০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে বলে জানানো হয়েছে।
ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক করেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা কার্যালয়। আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কায় সামরিক বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করা হবে বলে জানিয়েছে সিউল।
জাপানও জরুরি সতর্কতা জারি করে বলেছে, উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
মার্কিন প্যাসিফিক কমান্ড জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি জানে এবং যুক্তরাষ্ট্রের মিত্র ও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করছে। তাদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এ ঘটনায় যুক্তরাষ্ট্র, দেশটির সেনা বা মিত্রদের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি হয়নি।
সূত্র: আলজাজিরা