রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় জামায়াত আমিরের প্রতিবাদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ-ভোগান্তি, অনিয়ম ও কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে আওয়াজ তোলা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৪ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়’।

কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রী সাধারণের দুর্ভোগ-ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। কার্যত তিনি ভুক্তভোগী যাত্রী সাধারণ, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছেন।

তার এই প্রতিবাদকে আমলে নিয়ে দুর্বলতাগুলো সংশোধন করার পরিবর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে।

জনগণ অন্ধ নয়, সবই দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন।

আল্লাহ তায়ালা তার সম্মান বৃদ্ধি করুন। আমিন।

উল্লেখ্য, শনিবার (৩ অক্টোবর) ডা. শফিকুর রহমান রাজধানীর কাকরাইলে জাতীয় মুফাসসির সম্মেলনে বক্তব্য দেন। সেখানে তিনি আলেম সমাজের দায়িত্বশীলতা ও নিজেদের ভুল-ত্রুটি সংশোধনের ওপরও গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD