মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের সময় বিরোধী নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দিল্লিতে বিক্ষোভের সময় ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে তাদের আটক করা হয় বলে টেলিভিশন চ্যানেলগুলোর খবরে জানানো হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, তাদের একটি পুলিশ বাসে তোলা হয়। তবে কিছু সময় পর তারা বাস থেকে বের হয়ে আবার নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে এগিয়ে যান।

বিরোধী দলগুলোর এই বিক্ষোভের লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল করা এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো। এ সময় দিল্লিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয় এবং বিভিন্ন স্থানে ব্যারিকেড দেওয়া হয়।

বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের সাম্প্রতিক কার্যক্রমে অনিয়ম হয়েছে এবং এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সুবিধা পাচ্ছে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে মৃত, অযোগ্য ও একাধিকবার অন্তর্ভুক্ত ভোটারদের বাদ দিতেই এই কার্যক্রম চালানো হচ্ছে।

মঙ্গলবারের কর্মসূচির আগে গত কয়েক দিন ধরেও দিল্লি ও ভারতের বিভিন্ন শহরে একই দাবিতে বিক্ষোভ হয়েছে। এসব কর্মসূচিতে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে।

এদিকে নির্বাচন কমিশনকে ঘিরে একটি মামলার শুনানি চলছে ভারতের সুপ্রিম কোর্টে। আদালত প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে রাজি হয়নি আদালত। মামলাটির পরবর্তী শুনানি চলবে। সূত্র: রয়টার্স, এনডিটিভি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD