বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না বলে ফের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, নিজেদের শক্তিশালী সামরিক সক্ষমতার কারণে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা ওয়াশিংটনের রয়েছে।

গ্রিসের রাজধানী এথেন্সে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুবিও।

রুবিও বলেন, ইরান যখন মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে ‘বের করে দেওয়ার’ চেষ্টা করছে, তখন তেহরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না—বিষয়টি অত্যন্ত স্পষ্ট ও চূড়ান্ত।’

রুবিওর ভাষ্য, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য কোনো চুক্তিতে পৌঁছাতে হলে সেটিতে এমন নিশ্চয়তা থাকতে হবে, যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।

সংবাদ সম্মেলনে রুবিও আরও বলেন, প্রয়োজন হলে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবে গ্রিস।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, শক্তিশালী সামরিক শক্তির কারণে এ অঞ্চলে নিরাপত্তা বিধানের সক্ষমতা ওয়াশিংটনের রয়েছে।

রুবিও দাবি করেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি এমন এক পরিস্থিতির দ্বারপ্রান্তে পৌঁছেছে, যার মুখোমুখি বিশ্বের খুব কম দেশই হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ইরান এমন একটি বড় প্রচলিত সামরিক সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে, যার ফলে দেশটি কার্যত ‘অস্পৃশ্য’ বা ধরাছোঁয়ার বাইরে হয়ে উঠতে পারে।

রুবিওর মতে, ইরানের সামরিক সক্ষমতা ও পারমাণবিক কর্মসূচি—দুটিই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতির গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। আল জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD