শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

মুক্তি পেলেন নেহা বোরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ভারতের দিল্লিতে বিক্ষোভের ঘটনায় আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে এখনও প্রতিরোধমূলক আটকের আওতায় রয়েছেন।

শুক্রবার দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলে যোগ দিতে যাওয়ার আগে তাদের আটক করা হয়। শনিবার ভোরে দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারার অধীনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়।

অন্যদিকে, শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় অভিজিৎ ডিপকেকে আটক করা হয়েছে। তাকে দিনের পরবর্তী সময়ে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসইএম) আদালতে হাজির করার কথা রয়েছে।

সিজেপির আইনি বিভাগের প্রধান রত্না সিং অভিযোগ করেছেন, অভিজিৎকে কোথায় রাখা হয়েছে, তা জানা যাচ্ছে না। আইনজীবীদেরও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, অভিজিৎকে আটক করে এসইএম আদালতে হাজির করার কথা জানানো হলেও তাঁর অবস্থান এখনও অজানা।

মুক্তি পাওয়ার পর নেহা বোরা অভিযোগ করেন, কোনো বৈধ কারণ ছাড়াই বিক্ষোভকারীদের আটক করে ঘণ্টার পর ঘণ্টা হেফাজতে রাখা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন। অভিজিৎসহ আটক অন্য বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান।

শুক্রবার সিজেপি ও আইসা তাদের দুই নেতার অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তাদের অভিযোগ, আটকের পর আইনজীবী ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। সিজেপির দাবি, অভিজিৎকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং তার সঙ্গে দলের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অন্যদিকে, আইসার অভিযোগ ছিল, নেহা বোরাকে মঙ্গোলপুরীর অ্যান্টি-নারকোটিকস টাস্ক ফোর্সের কার্যালয়ে একা আটকে রাখা হয়েছিল।

নির্বাচনী তালিকায় অনিয়ম এবং নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এসব কর্মসূচিতে সিজেপি, বিরোধী দল, ছাত্রসংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD