ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহেরদাদ আখলাঘি। প্রয়োজনে চরম সংকটের মধ্যেও থাকতে হবে, তবু দেশের এক ইঞ্চি মাটিও ছেড়ে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন তিনি।
ইরানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর দেওয়া বক্তব্যে আখলাঘি দেশের সামরিক প্রস্তুতি জোরদার এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি নতুন প্রযুক্তির ব্যবহার এবং ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির কথাও তুলে ধরেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার প্রথম ঘণ্টাতেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনী এবং দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজনীয়তা নিয়ে বৈঠক করেন আখলাঘি।
তিনি বলেন, বারবার দেওয়া হুমকির জবাব শুধু কথার মাধ্যমে দেওয়া ইরানের লক্ষ্য নয়। বরং এসব হুমকিকে আরও বেশি প্রস্তুতি এবং কার্যকর প্রতিরক্ষা সক্ষমতা অর্জনের প্রেরণা হিসেবে কাজে লাগাতে চায় তেহরান। নতুন প্রযুক্তি ব্যবহার করে নির্ধারিত লক্ষ্য অর্জনে মনোযোগ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
নিজের কঠোর অবস্থান তুলে ধরে আখলাঘি বলেন, ‘প্রয়োজনে আমরা মাটি খেয়ে থাকব, তবু এক ইঞ্চি ভূখণ্ড ছাড়ব না।’
তার এই বক্তব্যে ইরানের ভূখণ্ড রক্ষার প্রশ্নে অনড় অবস্থানের পাশাপাশি সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও স্পষ্ট হয়েছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রস্তুতি জোরদারের ইঙ্গিত দিয়েছেন তিনি।
তবে বক্তব্যে কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে হুমকি কিংবা সম্ভাব্য সামরিক পদক্ষেপের কথা উল্লেখ করেননি ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী। তার বক্তব্যের মূল বার্তা, বাহ্যিক চাপের মুখেও দেশের ভূখণ্ড রক্ষায় কোনো ছাড় দেবে না তেহরান।
সূত্র: আল জাজিরা