সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে সোমবার (২৬ অক্টোবর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরবর্তী সময়ে এটি দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী বুধবার (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এদিকে দেশের তিন বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হচ্ছে। সোমবার একই এলাকায় এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পরবর্তীকালে ঘূর্ণিঝড়টি ক্রমান্বয়ে দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এ সময় এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আগামী বুধবার (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD