শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

দেশে পৌঁছেছে সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় আগুনে নিহত সাত বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে।

আজ শনিবার সকাল ৮টায় লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় নিহতদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন ।

বিমানবন্দরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেন। পরে লাশগুলো নিয়ে গ্রামের বাড়ি নওগাঁ ও নাটোরে রওয়ানা হন স্বজনেরা। এ সময় সরকারের কাছে সহযোগিতার দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীদের স্বজনেরা।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, প্রাথমিকভাবে নিহতদের দাফনের জন্য ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া তিন মাস পরে প্রত্যেক পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে।

এর আগে ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের মধ্যে প্রথম দফায় ৯ জনের লাশ গত ২৭ আগস্ট দেশে আনা হয়েছিল। বাকি সাতজনের লাশ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া সাত বাংলাদেশি হলেন—নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজীব ও মো. সাগর আলী এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD