বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে ৩৬ ঘণ্টা পর গণপিটুনিতে নিহত স্বামীর মরদেহ নিলেন স্ত্রী জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের যুদ্ধে সামরিক সরঞ্জামের চেয়ে ‘জাতীয় ঐক্য’ বেশি গুরুত্বপূর্ণ: ইরানের সেনাপ্রধান এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ প্রকৃত শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন আছে: শামা ওবায়েদ শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে: ডা. জাহেদ দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

৩৬ ঘণ্টা পর গণপিটুনিতে নিহত স্বামীর মরদেহ নিলেন স্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহে পিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ ৩৬ ঘণ্টা পর গ্রহণ করেছেন তার স্ত্রী মিম আক্তার। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গ থেকে মরদেহ বুঝে নেন তিনি। তার ইচ্ছা ছিল স্বামীর লাশ বাড়িতে দাফন করার।

কিন্তু হুমকির কারণে মেহেদীর নানার বাড়িতে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মিম আক্তার সন্ধ্যা সাতটা ১০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে স্বামীর মরদেহ বাড়িতে নেওয়ার জন্য সন্ধ্যা ছয়টা পর্যন্ত নগরের মাসকান্দা এলাকার গণসার মোড়ে অপেক্ষা করছিলেন তিনি। মেহেদীর নানার বাড়ি গণসার মোড়ে।

মিম জানান, স্বামীর মরদেহ বাড়িতে নেওয়া হলে পুড়িয়ে ফেলা হতে পারে বলে বিভিন্ন জনের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়।

শেষ পর্যন্ত মেহেদীর মরদেহ তার নানার বাড়িতে দাফনের সিদ্ধান্ত নেন স্বজনেরা।

মেহেদীর মরদেহ সন্ধ্যা পৌনে সাতটার দিকে তার নানার বাড়ির সামনে নেওয়া হয়। সেখান থেকে ৪০০ গজ দূরে সিটি করপোরেশন গোরস্থান জামে মসজিদে নিয়ে যাওয়া হয়। বাদ এশা জানাজা শেষে সিটি করপোরেশনের গোরস্থানে লাশ দাফন করা হবে বলে স্বজনেরা জানান।

মেহেদীর লাশ বাড়ি নিয়ে দাফনের ক্ষেত্রে কেউ তার স্ত্রীকে হুমকি দিয়েছেন কি না, সে বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম। ওসি বলেন, হুমকির বিষয়ে নিহত ব্যক্তির পরিবারের কেউ পুলিশকে কিছু জানায়নি। মেহেদীর লাশ বিকেলেই হাসপাতাল থেকে তার স্ত্রী–স্বজনেরা নিয়ে গেছেন।

মেহেদী হাসানের বাড়ি ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায়। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। তার বড় ভাই জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।

এদিকে মেহেদী নিজেও যুবলীগের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এর আগে, গত রোববার সন্ধ্যা সাতটার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই সময় নিজের ছোট মেয়েকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে মেয়ের সামনেই তাকে হত্যা করা হয়। সুরুজ জামান হত্যাকাণ্ডের পর রোববার দিবাগত রাত একটার দিকে মেহেদীদের বাড়িতে আগুন দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে আগুন দেওয়ার ঘটনা দেখতে মেহেদী সেখানে গেলে উত্তেজিত লোকজন তাকে পিটিয়ে হত্যা করেন।

পুলিশ জানায়, গতকাল ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে তার মরদেহ হাসপাতালের মর্গে ছিল। গতকাল দিনভর পুলিশ স্বজনদের সঙ্গে যোগাযোগ করলেও ভয়ে কেউ মরদেহ নিতে আসতে রাজি হচ্ছিলেন না।

আজ বিকেল চারটায় মেহেদীর স্ত্রী মিম আক্তার, খালা শাহিদা আক্তার, ফুফু হেনা আক্তার ও খালাতো ভাই জিসান আহমেদসহ কয়েকজন স্বজন প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে মরদেহ বুঝে নেন। ময়নাতদন্ত শেষে বিকেল চারটার দিকে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন মর্গ থেকে স্ত্রীর কাছে মরদেহ হস্তান্তর করেন।

মিম আক্তার জানান, তার স্বামীর পরিবারের সঙ্গে সুরুজ জামানের বালুর ব্যবসা নিয়ে বিরোধ ছিল। আওয়ামী লীগের শাসনামলে তার স্বামীর পরিবার বালুর ব্যবসা করত। সরকার পতনের পর ওই ব্যবসার নিয়ন্ত্রণ নেন সুরুজ জামান। এ নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে তার ধারণা। তার স্বামীকেও পিটিয়ে হত্যা করা হয়েছে।

স্বামী হত্যার ঘটনায় মামলা করবেন কি না, এ বিষয়ে মিম বলেন, মামলা করলে তো আর থাকতে দেবে না। পরিস্থিতি ভালো হোক পরে মামলা করা হবে।

এদিকে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান হত্যার ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

এসময় মেহেদীর পরিবার অভিযোগ দিলে মামলা করতে কোনো সমস্যা নেই বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD