মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম :
এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে ৩৬ ঘণ্টা পর গণপিটুনিতে নিহত স্বামীর মরদেহ নিলেন স্ত্রী জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের যুদ্ধে সামরিক সরঞ্জামের চেয়ে ‘জাতীয় ঐক্য’ বেশি গুরুত্বপূর্ণ: ইরানের সেনাপ্রধান এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ প্রকৃত শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন আছে: শামা ওবায়েদ শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে: ডা. জাহেদ দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছানোর মধ্য দিয়ে কয়েক দিনের এই সফরের সূচনা করেন তিনি। সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে চীনের শেনজেনে পুতিন ও শির সঙ্গে বৈঠকে বসতে পারেন ট্রাম্প। এতে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ, ইরান ও ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক নিরাপত্তার নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, পারমাণবিক নিরস্ত্রীকরণ হবে আলোচনার অন্যতম প্রধান বিষয়।

ম্যানিলায় সফরের শুরুতেই অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এই দেশগুলোর সঙ্গে সম্পর্ককে ‘বিশেষ’ বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার খাতে ৮ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগের ঘোষণাও দেন তিনি।

বুধবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এরপর চীনের উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের (এপেক) ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

এদিকে চীনে কিম জং উনের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ নিয়েও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, কিম তার সঙ্গে দেখা করতে আগ্রহী। তবে দুই নেতার মধ্যে শেষ পর্যন্ত বৈঠক হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

ট্রাম্পের সফরকে কেন্দ্র করে ম্যানিলায় বিক্ষোভও হয়েছে। বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে স্লোগান দেন এবং ‘ট্রাম্প বিদায় হও’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। একই সঙ্গে ফিলিপাইনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি কেন্দ্র স্থাপনের উদ্যোগের বিরোধিতা করেন তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD