রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শিরোনাম :

হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে চলতি বছরের ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে মারা গেছে ৯ শিশু। তার মধ্যে ঢাকা বিভাগে চার, চট্টগ্রামে তিন এবং সিলেট ও খুলনা বিভাগে এক শিশু মারা গেছে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মারা গেছে ১ হাজার ২৪৭ শিশু। অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ শিশুর। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬২ শিশু।

নতুন শনাক্ত নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ এবং চট্টগ্রামে ১৫ শিশু রয়েছে।

অন্যদিকে, সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ শিশু রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৬ হাজার ১৩৬ শিশু।

এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩০ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২০ হাজার ৭০৫ শিশু।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৪ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৮৭ শিশু।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছে ৫৬০ শিশু। এরপর সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ এবং রংপুরে ১৮ শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যুর ক্ষেত্রেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ৬৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুই শিশু মারা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD