বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য, শিক্ষা ও সংসদীয় সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, দুই দেশের মধ্যে আলোচনাধীন প্রায় ২৬টি সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত করা গেলে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হবে।

বুধবার ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সদরে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে সফররত সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে জারদারি বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় বন্ধন এবং গভীর সাংস্কৃতিক ও পারিবারিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক গড়ে উঠেছে। পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম সমতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে এ সম্পর্ককে ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ, শিক্ষা, বাণিজ্য, সংস্কৃতি ও জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে নতুন গতি তৈরি হয়েছে। সংসদীয় প্রতিনিধি দল বিনিময় এবং আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পাকিস্তান প্রস্তুত বলেও জানান জারদারি। কৃষি, শিল্প, খাদ্যনিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসন ও মহাকাশ গবেষণাসহ বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বাণিজ্য বাড়ানোর বিষয়ে জারদারি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বর্তমান বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম। এ অবস্থায় দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশন এবং বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলকে কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখার পাশাপাশি গত বছরের অক্টোবরে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে চিহ্নিত অগ্রাধিকার খাতগুলোতে অগ্রগতি আনার ওপরও গুরুত্ব দেন।

বাংলাদেশে সরকার-টু-সরকার চুক্তির আওতায় পাকিস্তানি চাল রপ্তানির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোগ খাদ্যনিরাপত্তা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে আরো বিস্তৃত সহযোগিতার ভিত্তি হতে পারে। বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির চিনিকলগুলোর সংস্কারে কারিগরি সহায়তা দিতেও পাকিস্তান প্রস্তুত।

এ ছাড়া বস্ত্র, ওষুধ, চামড়া, গাড়ি, নির্মাণসামগ্রী, খনিজ, রাসায়নিক, সিরামিক ও পাটশিল্পে দুই দেশের বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান জারদারি।

যোগাযোগব্যবস্থা উন্নয়নের বিষয়ে তিনি বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানান। যাত্রীদের চাহিদা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা ও গন্তব্য বাড়ানোর ওপর জোর দেন। একই সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সহজ করতে দুই দেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ চালুর সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানান।

শিক্ষা ও সংসদীয় সহযোগিতায় নতুন উদ্যোগ

শিক্ষা খাতের সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের কথা তুলে ধরেন জারদারি। গত বছর চালু হওয়া এ কর্মসূচির আওতায় পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি পূর্ণ বৃত্তির সুযোগ রয়েছে। ইতিমধ্যে ১৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছেন এবং শিগগির আরও ২০ জনের যোগ দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের সংসদীয় কর্মকর্তাদের পাকিস্তান ইনস্টিটিউট ফর পার্লামেন্টারি সার্ভিসেসে প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা পরিচালনায় পাকিস্তানের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের মধ্যে সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের উদ্যোগকেও স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আদিব চৌধুরী আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের নির্বাহী কমিটিতে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান জারদারি। আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোতেও দুই দেশের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া লাহোরের ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে বাংলাদেশের জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তাদের জন্য নির্বাহী নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে ইতিবাচক সাড়া পাওয়ার কথা উল্লেখ করেন তিনি। গণমাধ্যমের প্রতিনিধিদের সফর ও পারস্পরিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের জনগণ এবং মতামত-নির্ধারকদের মধ্যে বোঝাপড়া আরও গভীর হবে বলেও আশা প্রকাশ করেন।

চীন-বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা ও রোহিঙ্গা প্রসঙ্গ

বৈঠকে চীন-বাংলাদেশ-পাকিস্তান ত্রিপক্ষীয় সহযোগিতা কাঠামোর অগ্রগতির বিষয়টিও উঠে আসে। ২০২৫ সালের ১৯ জুন চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত বৈঠকে তিন দেশের সহযোগিতার জন্য ১২টি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়টি স্বাগত জানান জারদারি।

বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার মানবিক ভূমিকার প্রশংসা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট। অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ এ দায়িত্ব পালন করছে বলে উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক আইন অনুযায়ী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন জারদারি। একই সঙ্গে বাংলাদেশের ওপর থেকে চাপ কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব ভাগ করে নেওয়া এবং রোহিঙ্গাদের জন্য নিয়মিত মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

স্পিকারের বক্তব্য

বৈঠকে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য পাকিস্তানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন।

পাকিস্তানে নিজের অতীতের স্মৃতিচারণ করে হাফিজ উদ্দিন আহমদ সংসদীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরেন। দুই দেশের আইনসভার মধ্যে প্রতিনিধি দল বিনিময় ও নিয়মিত প্রাতিষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশে পাকিস্তানি টেলিভিশন নাটকের জনপ্রিয়তার কথাও উল্লেখ করেন স্পিকার। তার মতে, দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক নৈকট্যের প্রতিফলন এই জনপ্রিয়তা।

সূত্র: ডন, অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি), পাকিস্তান রেডিও এবং বিজনেস রেকর্ডার

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD