নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। তিনি বলেছেন, ইরানি জাতির মর্যাদা ও অবস্থান শত্রুকে স্বীকার করতে হবে। একই সময়ে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র বলেছেন, শত্রুর পিছু হটাই তার সামরিক পরাজয়ের প্রমাণ।
ইরানের সেনাবাহিনীর নৌবাহিনী প্রধান ৭ আজার (ইরানের নৌবাহিনী দিবস) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। ইমাম খোমেনি (রহ.)-এর মাজারে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে নৌবাহিনীর কমান্ডার ও সদস্যরা ইমাম খোমেনির আদর্শের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, ‘হরমুজ প্রণালি বন্ধ থাকবে, যাতে শত্রু বুঝতে পারে—এই মহান, গৌরবময়, শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতির সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে এবং ইরানি জাতির মর্যাদা ও অবস্থানকে স্বীকৃতি দিতে হবে।’
ইরানের নৌবাহিনীর প্রধান ‘পবিত্র প্রতিরক্ষা’ যুদ্ধের সময় নৌবাহিনীর অর্জনের কথা উল্লেখ করে বলেন, ‘অপারেশন পার্ল’ থেকে বর্তমান সময় পর্যন্ত নৌবাহিনীর কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায়, সেদিন সমুদ্রের বুকে যে আদর্শ ও মনোভাবের জন্ম হয়েছিল, তা এখনো অব্যাহত রয়েছে। তবে পার্থক্য হলো, বর্তমানে ভৌগোলিক পরিসর, সরঞ্জাম, অস্ত্রশস্ত্র এবং হুমকির ধরন বিবেচনায় নৌবাহিনীর দায়িত্ব ও অভিযান অনেক বেশি জটিল হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ও সক্ষমতার মুখোমুখি হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, শত্রুপক্ষ নিজেদের সর্বাধুনিক ও জটিল সামরিক সরঞ্জামে সজ্জিত বলে দাবি করে এবং বিশ্বের এক নম্বর সামরিক শক্তি হিসেবে পরিচয় দিয়ে যুদ্ধে নেমেছিল। কিন্তু ইরানের সশস্ত্র বাহিনী তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে।
রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি আরও বলেন, যুদ্ধের দ্বিতীয় দিনে মার্কিন বিমানবাহী রণতরি ‘আব্রাহাম লিংকন’ লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঘটনাটি শহীদদের রক্তের বরকতের ফল। তিনি জোর দিয়ে বলেন, ‘শত্রুকে জানতে হবে, আমাদের শহীদরা জীবিত এবং এখনো তাঁদের সহযোদ্ধাদের পাশে রয়েছেন।’ সূত্র: পার্সটুডে