খাগড়াছড়ির প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় দৃর্বৃত্তদের ব্রাশফায়ারে মোর্শেদা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে মোহাম্মদ আহাদ (১০) আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোর্শেদা বেগম সোনামিয়া টিলার ভূমি রক্ষা কমিটির সভাপতি আবদুল মালেকের স্ত্রী।
দীঘিনালায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, গতকাল শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা আবদুল মালেকের ঘর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয় যায়। এ সময় মোর্শেদা বেগম ও তার ছেলে মোহাম্মদ আহাদ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদা বেগমকে মৃত ঘোষণা করেন। আহাদ ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি জানান, মোর্শেদার লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
লাইট নিউজ