বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

কমলগঞ্জে আগুনে পুড়ল ১৬ দোকান, কোটি টাকার ক্ষতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঠাকুরবাজারে অগ্নিকাণ্ডে ১টি বসতঘর ও ১৬টি দোকানঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাম্প নষ্ট হওয়ায় ক্ষুদ্ধ জনতা ফায়ার সার্ভিসের গাড়ি আটকে রাখেন।

তাদের অভিযোগ, ফায়ার সার্ভিসের গাফিলতির কারণে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। উপজেলা নির্বাহী অফিসারসহ জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেছেন। সোমবার (২৪ আগস্ট) ভোর ৫টার দিকে মুন্সিবাজার ইউনিয়নের ঠাকুর বাজারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে ঠাকুরবাজারে একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে বাজার প্রহরী বাসুদেবপুর মসজিদের মোয়াজ্জিন আরজু মিয়া মসজিদের মাইকে এলাউন্স করে বিষয়টি এলাকাবাসীকে অভিহিত করেন। এলাকাবাসী কমলগঞ্জ ফায়ার সার্ভিস অফিসে মোবাইলে যোগাযোগে চেষ্টা করলে ফোন না ধরায় স্থানীয় শুকুর মোল্লা নামে একব্যক্তি বাই সাইকেলে এসে ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে যান ঘটনাস্থলে। তবে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধাঘণ্টা অতিবাহিত করেও পানির পাম্প চালু করতে না পারায় আগুনের লেলিহান শিখা দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে। পরে অবস্থা বেগতিক দেখে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে নান্নু স্টোর, দেওয়ান চালের দোকান, সাহবাগ ধানের দোকান, মামনি কনফেকশনারি, শাহজালাল ভেরাটিজ স্টোর, কে এম মেডিক্যাল হল, জননী মেডিক্যাল সেন্টার, মহিউদ্দিন কম্পিউটার, হাসিম টি স্টল, নকুল সেলুন, মকসন স্টোর, বাছির ফার্নিচার, মহসিন ভেরাইটিজ স্টোর, জুয়েল মিয়ার বসতঘর, চন্দন সেলুন, হাফিজ ভেরাইটিজ স্টোর ও নজরুল মিয়ার নামে ব্যবসায়ীদের দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে দ্রুত নিভানো সম্ভব না হওয়ায় কমলগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীদের ওপর এলাকাবাসী ক্ষুদ্ধ হন।

আগুন নিয়ন্ত্রণের পর দীর্ঘসময় কমলগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি আটকে রাখে বিক্ষুদ্ধ জনতা। পরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের আশ্বাসে কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের গাড়িটিকে ছেড়ে দেয় বিক্ষুদ্ধ জনতা।

ঠাকুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জইনউদ্দিন, ব্যবসায়ী মো. সালাউদ্দিন, রফিক মিয়াসহ এলাকাবাসী অভিযোগ করে বলেন, কমলগঞ্জ ফায়ার সার্ভিসের গাফিলতির কারণে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কমলগঞ্জ ফায়ার সার্ভিস যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন তিনটি দোকানে আগুন ছিল। তাদের পানির পাম্প নষ্ট বলে দীর্ঘ আধাঘণ্টা অতিবাহিত করে। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আব্দুল কাদির জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করার চেষ্টা করেছি। আমাদের পানি পাম্পটি নষ্ট হওয়ায় কাজ করতে পারিনি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সাকিট হতে আগুন লাগতে পারে। তবে তদন্ত করা হচ্ছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক জানান, ফায়ার সার্ভিসের গাফিলতির কারণে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এটি তদন্তক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD