বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :

মাদারীপুরে ইনকিলাব সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

মাদারীপুরে দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক বাহাউদ্দীনসহ ৩ জনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। সাবেক নৌ-পরিবহনমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের মেয়েকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে মাদারীপুর চিফ জুডিশিয়াল আদালতে এ মামলা দায়ের করেন মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।

মামলার অন্য আসামিরা হলেন- কাদেরিয়া পাবলিকেশন্স অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আব্দুল কাদের ও ব্যবস্থাপনা পরিচালক, যার নাম মামলায় উল্লেখ করা হয়নি। আদালতের বিচারক মোহাম্মদ হোসেন মামলাটি গ্রহণ করে আসামিদের প্রতি সমন জারি করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি শাজাহান খানের একমাত্র মেয়ে ঐশী খান লন্ডন থেকে ছুটিতে বাংলাদেশে আসেন। গত ২৬ জুলাই ইংল্যান্ড যাওয়ার কথা ছিল তার। তবে এর দু’দিন আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আইসোলেশন সেন্টারে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করান তিনি। একদিন পর তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ইমিগ্রেশনে যাচাইয়ের সময় অনলাইনে তাকে করোনাভাইরাস পজিটিভ হিসেবে দেখানো হয়।

এর পরিপ্রেক্ষিতে ২৭ জুলাই শাজাহান খান স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে এ ঘটনার ব্যাখ্যা চান। পরে সংবাদ সম্মেলনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেটারেন্স সেন্টারের পরিচালক ভুলের দায় স্বীকার করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের ডাটা অপারেটরের ভুলের কারণে ওই সমস্যা তৈরি হয়। যার জন্য শাজাহান খান বা তার মেয়ে মোটেও দায়ী নন।

এই ঘটনাকে কেন্দ্র করে বাহাউদ্দীন গত ২৮ জুলাই তার পত্রিকার সম্পাদকীয়তে শাজাহান খানের বিরুদ্ধে ‘করোনাভাইরাস সনদ জালিয়াতির’ অভিযোগ তোলেন। এর প্রেক্ষিতে তাকেসহ তিনজনের বিরুদ্দে এ মানহানির মামলা করা হয়।

মামলার বাদী ও মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, ‘শাজাহান খান ও তার মেয়েকে নিয়ে মানহানিকর তথ্য প্রকাশ করায় আমরা ক্ষুব্ধ হয়েছি। এ জন্য মামলাটি দায়ের করেছি। আমরা আশাকরি বিজ্ঞ আদালতে ন্যায় বিচার পাব।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD