শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

পীরগাছায় প্রতিকেজি পেঁয়াজ ১২০ টাকা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

রংপুরের পীরগাছা উপজেলায় আবারো পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা চরম বিপাকে পড়েছে। বাজার ভেদে প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় বিক্রেতারা ইচ্ছে মতো দামে পেঁয়াজ বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন হাট বাজারে গিয়ে দেখা যায়, দেশি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

দুই দিন আগেও সর্বোচ্চ দেশি পেঁয়াজ ৫০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে হঠাৎ করে কেজি প্রতি প্রায় ৬০ টাকা বৃদ্ধি পেয়ে ১২০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

অনেক ব্যবসায়ী আরও দাম বৃদ্ধির আশায় পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছে। ফলে বাজারগুলোতে পেঁয়াজের তীব্র সংকট দেখা দিয়েছে।

ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ অব্যাহত থাকলে প্রতিকেজি পেঁয়াজেরর দাম আরও বাড়বে।

উপজেলার কান্দির হাটের ব্যবসায়ী রেজাউল করিম বলেন, ‘প্রতিদিন আমি ৩০০-৩৫০ কেজি পেঁয়াজ মোকাম থেকে ক্রয় করি। কিন্তু আজ মোকাম থেকে মাত্র ১৫০ কেজি পেঁয়াজ ক্রয় করতে পেরেছি। চাহিদা থাকার পরও পেঁয়াজ ক্রয় করতে পারি নাই।’

পাওটানা হাটের ব্যবসায়ী ফারুক মিয়া জানান, মোকামের ব্যবসায়ীরা চাহিদা মতো পেঁয়াজ দিচ্ছে না। তারা ভারতীয় পেঁয়াজ বন্ধের অজুহাত দেখিয়ে চাহিদার তুলনায় অর্ধেক পেঁয়াজ দিচ্ছে। ফলে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। বাজারে ক্রেতাদের কাছে ১২০ টাকার কম দামে পেঁয়াজ বিক্রি করা সম্ভব হচ্ছে না।

বাজার করতে আসা আজিজুল হক বলেন, ‘হঠাৎ পেঁয়াজের মূল্য বৃদ্ধি হওয়ায় চরম বিপাকে পড়েছি। চাহিদা এক কেজি থাকলেও ২৫০ গ্রাম পেঁয়াজ নিলাম।’

শুধু আজিজুল হক নয়, অনেক ক্রেতা দোকানে এসে পেঁয়াজের দাম শুনে না কিনেই চলে যাচ্ছে।

ক্রেতাদের দাবি, বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় পেঁয়াজের দাম আরও বাড়বে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD