মামলার বাদী অসুস্থ থাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পেছানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) মামলার বাদী নিহত আবরারের পিতা বরকত উল্লাহ অসুস্থ মর্মে সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত আগামী ৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত একটানা সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।
এদিন মামলায় গ্রেফতার ২২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদের ফের কারাগারে পাঠানো হয়েছে। তিন আসামি পলাতক রয়েছেন।আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেন ডিবি পরিদর্শক ওয়াহিদুজ্জামান।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন- মেহেদী হাসান রাসেল, অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মেহেদী হাসান রবিন, মেফতাহুল ইসলাম জিয়ন, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, মুজাহিদুর রহমান, মুহতাসিম ফুয়াদ, মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, এ এস এম নাজমুস সাদাত, ইসতিয়াক আহম্মেদ মুন্না, অমিত সাহা, মিজানুর রহমান ওরফে মিজান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম ও এস এম মাহমুদ সেতু।
লাইটনিউজ