ভারত থেকে পেঁয়াজ আমদানির পর হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমে এসেছে। প্রকারভেদে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৪০ টাকা প্রতিকেজি দরে। অতিরিক্ত পচে যাওয়া পেঁয়াজের প্রতি ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকায়।
আজ রবিবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে তবে অন্যান্য মালামাল আমদানি স্বাভাবিক রয়েছে। আগামীকাল সোমবার হিলি স্থলবন্দর দিয়ে ১৪ ও ১৫ তারিখের রপ্তানি অনুমতি পাওয়া পেঁয়াজ পুনরায় দেশে আমদানি হতে পারে বলে ধারণা করছেন বন্দরের ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম জানান, গত ১৩ তারিখে রপ্তানির অনুমতি পাওয়া পেঁয়াজগুলো গতকাল শনিবার হিলি স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। এ দিন ভারত থেকে ১১টি ট্রাকে মোট ২৪৬ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।
৫ দিন ধরে পেঁয়াজগুলো সীমান্তের ওপারে আটকা পরে থাকায় এবং দেশে প্রবেশ করতে না পারায় অতিমাত্রার গরম ও বৃস্টিতে ভিজে পেঁয়াজগুলো পচে নষ্ট হয়ে গেছে। প্রতিট্রাকের ৭৫ শতাংশ পেঁয়াজ পচে নষ্ট হয়ে গেছে বলে জনিয়েছে বন্দরের ব্যবসায়ীরা। এ অবস্থায় দারুণ ক্ষতির মুখে পড়েছে পেঁয়াজ আমদানিকারকরা।
লাইটনিউজ