সারাদেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী প্রায় সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। এ ক্ষেত্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ১৯০৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশানস্থ ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয় এবার, ৮৭১০১৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ডিএনসিরি ১০ টি অঞ্চলের ৫৪ টি ওয়ার্ডে ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শুক্রবার ব্যাতিত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, সহকারি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেঃ কর্নেল মো: গোলাম মোস্তফা সরোয়ার প্রমূখ।
লাইটনিউজ/এসআই