রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

৫৮ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ আটক ৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

রাজধানীর কোতয়ালী, আদাবর থানাসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৫৮ লক্ষ ৭০ হাজার জাল নোট, জাল ডলার ও নোট তৈরির সরঞ্জামাদিসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম ।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম-বার ।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘ ৫-৬ বছর যাবত পরস্পর যোগসাজশে জাল নোট প্রস্তুত করে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করতো। তারা বড় কোন উৎসব যেমন-ঈদ, দুর্গাপূজা ইত্যাদি অনুষ্ঠানকে টার্গেট করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তাদের সহযোগীদের মাধ্যমে জাল টাকা সরবরাহ এবং বিক্রয় করতো। তারা ডলার বানাতেও পারদর্শী ছিল। তাদের তৈরিকৃত ডলার আসল না নকল তা সহজে বুঝা যেত না।

গ্রেফতারকৃতরা হলো, মো.মামুন, মোছা. শিমু, কাজী মাসুদ পারভেজ, মো. রুহুল আলম, মো. সোহেল রানা ও মো. নাজমুল হক। এ সময় তাদের কাছ থেকে ৫৮ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যমানের বাংলাদেশি জাল নোট (প্রতিটি ১০০০ টাকার নোট), ১১৩টি জাল ডলার (প্রতিটি ১০০ ডলার নোট), দুই বান্ডিল ছাপানো জাল টাকার কাগজ, একটি ল্যাপটপ, দুইটি স্ক্যানার, একটি লেমিনেটর, দুইটি প্রিন্টার, ১২টি ট্রেসিং প্লেট, ৫ রিম জাল টাকা ছাপানোর কাগজ, জাল টাকা ছাপানোর জন্য বিভিন্ন রংয়ের ৮ বোতল কালি, জাল টাকা তৈরির সময় টাকার ক্রমিক নাম্বার দেয়ার সীল ও একটি এফ প্রিমিও প্রাইভেটকার উদ্ধার করা হয়।

এর আগে (২৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD