করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট ও অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনুমতি বাতিল হওয়া জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফসহ ৮ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আরও একজন সাক্ষ্য দিয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) মামলার জব্দ তালিকার সাক্ষি মনির হোসেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালতে সাক্ষ্য দেন।
সংশ্লিষ্ট আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর গুলশান থানার ওসি গত ধার্য তারিখে আদালতে সাক্ষী উপস্থিত করতে না পারায় ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ শেষে আগামি ১৬ নভেম্বর পরবর্তী সাক্ষগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
মামলার চার্জশিটের ৪০ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
অপর আসামিরা হলেন- আরিফ চৌধুরী, সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস। বর্তমানে এ আটজনই কারাগারে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে নমুনা সংগ্রহ করার চুক্তি করেছিল জোবেদা খাতুন সর্বজনীন স্বাস্থ্যসেবা (জেকেজি হেলথকেয়ার) । বাসা থেকে ৫ হাজার থেকে ৮ হাজার ৬০০ টাকার বিনিময়ে তারা নমুনা সংগ্রহ করছিলেন এবং ভুয়া প্রতিবেদন দিচ্ছিলেন। করোনাভাইরাস পরীক্ষার টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেয়া জেকেজি হেলথ কেয়ারের প্রতারণা নিয়ে দেশে তোলপাড় চলছে। এই প্রতারণার মূলহোতা জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরী ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। এ প্রতারণায় আরিফের অন্যতম সহযোগী তার স্ত্রী ও জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান হলেন ডা. সাবরিনা।
জালিয়াতির খবর প্রচার হওয়ার পর থেকে ডা. সাবরিনা জেকেজির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। এমনকি পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছিলেন।
লাইটনিউজ