শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

আবার বাড়ছে করোনার তাণ্ডব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : মাঝে কিছুটা স্তিমিত হয়ে আবার ধেয়ে আসছে করোনাভাইরাসের ঢেউ। কেউ বলছে দ্বিতীয় ঢেউ। আবার কারো মতে তৃতীয় ঢেউ। ডিসেম্বর ২০১৯ সালে চীনের উহানে উদ্ভূত হয়ে করোনা পুরো ২০২০ সালটিকে বৈশ্বিক মহামারির করাল গ্রাসে ত্রস্ত করে তুলেছে।

মধ্য নভেম্বর পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছে ১৩ লাখের বেশি মানুষ আর আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে পাঁচ কোটি জন। ৯/১০ মাসের মহামারিতে এমন মানব বিপর্যয় থামার বদলে পুনরায় তাণ্ডবে ফুঁসছে। প্রতিষেধক ভ্যাকসিনের আশা-নিরাশার দোলাচলের মধ্যে ক্রমবর্ধমান করোনার বিস্তৃতিতে সতর্ক হচ্ছে সারা বিশ্ব।

ইউরোপের নানা দেশ করোনা-বিরূপ পরিস্থিতিতে নতুন নতুন বিধি-নিষেধ বাড়াচ্ছে। শীর্ষ আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এশীয় নেতৃবৃন্দও করোনা মোকাবিলায় তৎপর।

করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় চীনের আহ্বানে এশিয়ার পাঁচ দেশ বৈঠকে মিলিত হয়ে মহামারি মোকাবিলায় তথ্য ভাগাভাগি ও সমন্বয় জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। অংশগ্রহণ দেশের প্রতিনিধিরা। উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো হলো, চীন, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা। বৈঠকে করোনার দ্বিতীয় ঢেউ সফলভাবে মোকাবিলা করতে চার দেশের অভিজ্ঞতা জানতে চেয়েছে বাংলাদেশ। এছাড়া আঞ্চলিক সহযোগিতা জোরদারেরও আহ্বান জানানো হয়। এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এদিকে নির্বাচনী উত্তাপ ও পরবর্তী সঙ্কটে আবর্তিত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার থাবা বিস্তৃত হচ্ছে। করোনায় বিশ্বে শীর্ষ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট (নির্বাচিত) জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগেই (২০ জানুয়ারি ২০২১) নতুন করে করোনায় মারা যেতে পারেন ৭০ হাজার থেকে দেড় লাখ মানুষ। এ সময়ে নতুন আক্রান্ত হতে পারেন কমপক্ষে ৮০ লাখ মানুষ।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, যুক্তরাষ্ট্রে সামনের দিনগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে পারে শতকরা ৮০ ভাগ এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে শতকরা ২৯ ভাগ। ফলে প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেন তার ক্ষমতা গ্রহণের পর করোনা ভাইরাস মহামারিকে নিয়ন্ত্রণ করার বিষয়টিকে তার অগ্রাধিকারের তালিকার শীর্ষে রেখেছেন। একই সঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক করার কথাও বলেছেন তিনি। একই সঙ্গে ব্যবসা এবং শ্রমজীবীদের টিকে থাকার জন্য অধিক আর্থিক প্রণোদনার প্রত্যয় ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নতুন নেতা।

বিশেষজ্ঞরা ট্রাম্প প্রশাসনের করোনা মোকাবিলা কৌশল পরিবর্তন এবং অঙ্গরাজ্যগুলোর সরকারগুলোকে কঠোর ব্যবস্থা নিতে আহবান জানিয়েছেন। একই সঙ্গে আরো সমন্বিত ব্যবস্থা নিতেও বলা হয়েছে। কারণ সামনেই শীতের মৌসুমে করোনা চ্যালেঞ্জের সঙ্গে আরো অনেক জটিল সমস্যা যোগ হবে বলেও বিশেষজ্ঞদের আশঙ্কা।

যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির মহামারি বিশেষজ্ঞ প্রফেসর গ্রেগ কনসালভেসের মতে, গত বসন্তকালে করোনা ভাইরাস মহামারি প্রকট রূপ ধারণ করেছিল, আসন্ন শীতে তা আরো ভয়াবহ হয়ে উঠবে। প্রতিদিন মার্কিনিরা যেভাবে ভুগেছেন তার চেয়েও খারাপ সময় সামনে।

যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞরা বলছেন, আরো অনেক বেশি কিছু করা উচিত কেন্দ্রীয় সরকারের। এখানে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ আক্রমণ করেছিল বড় বড় উপকূলীয় শহর এবং গ্রামীণ এলাকায়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে এক কোটি মানুষ। কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে, নতুন প্রেসিডেন্ট ক্ষমতা নেয়ার আগে পর্যন্ত যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়াতে পারে ৮০ লাখ থেকে এক কোটি ৩০ লাখ।

যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনার দ্বিতীয় বা তৃতীয় ঢেউয়ের আঘাতে প্রতিদিন যে হারে মানুষ মারা যাচ্ছে, তাতে নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার সময়ের মধ্যে মারা যেতে পারেন ৭০ হাজার থেকে দেড় লাখ মানুষ।যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস এন্ড ইভ্যালুয়েশন একই রকম হিসাব জানিয়েছে। তাদের হিসাব অনুযায়ী ২০ শে জানুয়ারি নাগাদ মৃতের সংখ্যা দাঁড়াতে পারে কমপক্ষে ৩ লাখ ৬০ হাজার জন, যা দেশটির জন্য চরম অশনিসঙ্কেত। বিশ্বের নানা দেশেও করোনার নতুন ধাক্কায় আক্রান্ত আর মৃতের সংখ্যা বৃদ্ধির খবর জানাচ্ছে মিডিয়াগুলো।

এদিকে, করোনার নতুন ঢেউয়ে মার্কিন জনজীবনে শূন্যতা নেমে এসেছে। মানুষ অনেক বেশি সতর্কতা অবলম্বন করছেন এবং সামাজিক ভিড় এড়িয়ে চলছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) মার্কিন জনজীবনে করোনার শঙ্কা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে খাঁখাঁ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের দোকান গুটিয়ে ফেলার ছবিতে জনমানবহীনতার চিত্র দেখা গেছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD